LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে এবার থেকে কত বেশি টাকা খসবে? | LPG Price Hike: Commercial Cylinder Gets Costlier From September 1, Check New Rates in Kolkata and Other Cities
নয়া দিল্লি: মাসের শুরুতেই বড় ধাক্কা। ফের বাড়ল গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো (LPG Cylinder Price Hike) হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে ডোমেস্টিক বা বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, গত দুই মাস ধরে গ্যাসের দাম কমেছিল। কিন্তু, পুজোর আগে ফের জ্বালানির দাম (Cylinder Price) বাড়তেই মাথায় হাত ব্যবসায়ীদের।
কত বাড়ল গ্যাসের দাম?
জানা গিয়েছে, সিলিন্ডার পিছু দাম ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। বর্তমানে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৭৪৭ টাকা ৫ পয়সা। মুম্বইয়ে সিলিন্ডারের দাম ২,৭০১ টাকা। অন্যদিকে, অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সামান্য বেশি। নতুন দাম কার্যকর হওয়া পর কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ২,৮৮৪ টাকা।
কেন এই পদক্ষেপ কেন্দ্রের?
পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আমদানি করা রান্নার গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে LPG-র পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সেই কারণেই দেশীয় উৎপাদন বাড়িয়ে একটি ‘সাপ্লাই বাফার’ তৈরির পরিকল্পনা করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ১৩ অগস্ট একটি নির্দেশিকা জারি করে ২১টি রিফাইনারি ও সংস্থার LPG উৎপাদনের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করেছে। সব মিলিয়ে এই সংস্থাগুলির দৈনিক উৎপাদন ক্ষমতা ৬৩ হাজার ৮১০ টন নির্ধারণ করা হয়েছে।
মুম্বইয়ে বাড়ল CNG-র দামও
শুধু LPG নয়, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব পড়েছে CNG এবং PNG-র দামেও। মুম্বইয়ে CNG ও গৃহস্থালির PNG-র দাম বাড়ানোর ঘোষণা করেছে মহানগর গ্যাস লিমিটেড (MGL)। সংস্থার তরফে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটের কারণে আন্তর্জাতিক সূচকের সঙ্গে যুক্ত ইনপুট গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই CNG-র দাম সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কত বাড়ল CNG-PNG?
১ সেপ্টেম্বর থেকে মুম্বইয়ে CNG-র দাম কেজি প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৮৮ টাকা। একইসঙ্গে গৃহস্থালির পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস বা PNG-র দাম প্রতি SCM-এ ১ টাকা বাড়ানো হয়েছে।