MBA করলে ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে বেশি বেতন? সাম্প্রতিক ট্রেন্ড কী বলছে?
ক্যাম্পাস প্লেসমেন্টে MBA পড়ুয়ারা পাচ্ছেন বড় বেতনের চাকরি। ডেলয়েট ইন্ডিয়ার Campus Workforce Trends 2026 রিপোর্ট অনুযায়ী, ২০২৬-এর প্লেসমেন্টে MBA ডিগ্রিধারীদের গড় বেতন ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় ৫২ শতাংশ বেশি। ২০২৭-এর ক্ষেত্রেও এই ব্যবধান আরও বাড়তে পারে।
MBA-তে বেতন কতটা বেশি?
২০২৫-এর প্লেসমেন্টে ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় MBA-র গড় বেতন ৪৭ শতাংশ বেশি ছিল। ২০২৬-এর ক্ষেত্রে সেই ব্যবধান বেড়ে হয়েছে ৫২ শতাংশ। ২০২৬-২৭ প্লেসমেন্ট চক্রের হিসাবে MBA-র বেতন ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় ৫৯ শতাংশ বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ডেলয়েট।
ডেলয়েটের সমীক্ষায় ২৫০টি সংস্থা অংশ নিয়েছে। সংস্থাগুলির মতে, শুধু প্রযুক্তিগত দক্ষতার চেয়ে নেতৃত্ব এবং ব্যবস্থাপনার দক্ষতার গুরুত্ব বাড়ছে।
ডেলয়েটের পার্টনার নীলেশ গুপ্ত বলেন, ‘এ বছর ২৫০টি সংস্থাই প্রযুক্তিগত পদের তুলনায় ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তিকে ব্যবসায়িক ফলাফলে কাজে লাগাতে পারেন, এমন কর্মীদের চাহিদা বাড়ছে।’
কোন কলেজগুলি সমীক্ষায়?
ডেলয়েটের সমীক্ষায় NIRF-এর ভিত্তিতে দেশের ৫০৫টি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইঞ্জিনিয়ারিং ও MBA-র ক্ষেত্রে প্রথম ১০টি প্রতিষ্ঠানের পর আরও ৪০টি করে কলেজকে Tier-1 হিসেবে ধরা হয়েছে।
Tier-1 MBA প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে IIM Raipur, IIM Trichy, IIM Kashipur, IIM Nagpur, IIT Bombay, IIT Madras, IIT Kharagpur-এর ম্যানেজমেন্ট স্কুল, SP Jain এবং IMI Delhi।
শীর্ষ ১০টি B-School-এ গড় বেতন বছরে ২৭.৪ লক্ষ টাকা। Tier-3 B-School-এ এই গড় ৮.৪ লক্ষ টাকা।