Ankit Baliyan: নিজের গানেই ছিল খুনের কথা! অঙ্কিত বালিয়ানের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য | Haryanvi Singer Ankit Baliyan Shot Dead; His Song ‘Bhari Court Mein Goli’ Back In Focus
অঙ্কিত বালিয়ান, যাঁর গানের ভিডিয়োতে বারবার দেখা যেত বন্দুক আর কোর্টের ভেতরে খুনের দৃশ্য, বাস্তবেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি। বুধবার উত্তরপ্রদেশের শামলিতে একটি জিমের বাইরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন হরিয়ানার এই জনপ্রিয় পপ গায়ক ও ইউটিউবার। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, মৃত্যুর আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিয়োয় গাওয়া গানের লাইনেও ছিল রাস্তায় খুনের কথা!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামলির কোতোয়ালি এলাকায় একটি জিম থেকে সন্ধ্যা সাতটা নাগাদ বেরোচ্ছিলেন অঙ্কিত। তখনই তাঁকে ঘিরে ধরে তিন থেকে চার জন অজ্ঞাতপরিচয় বন্দুকধারি। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গায়ের ওপর পর পর গুলি লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের মানুষজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর অঙ্কিতের গাওয়া একটি জনপ্রিয় গান ‘ভারি কোর্ট মে গোলি’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। গানটির নাম ও কথাতেই বন্দুক এবং গুলির প্রসঙ্গ রয়েছে। বাস্তব জীবনে গুলিতে অঙ্কিতের মৃত্যু ঘটায় গানটির সঙ্গে এই ঘটনার অদ্ভুত মিল দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত গানটির সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও সরাসরি যোগের প্রমাণ মেলেনি।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে বড় শোরগোল পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লির কুখ্যাত গোগী গ্যাং এই খুনের দায় নিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘এটা সবে শুরু, সবার পালা আসবে।’ তবে এই পোস্টটি সত্যি নাকি ভুয়ো, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত গোগী গ্যাংয়ের সঙ্গে অঙ্কিতের খুনের কোনও যোগ নিশ্চিত করেনি তদন্তকারীরা। এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এবং অপরাধীদের দ্রুত ধরার দাবিতে শামলিতে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গান দিয়ে সমাজমাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করা শিল্পীর এমন পরিণতি দেখে পুরো সংগীত দুনিয়ায় শোকের ছায়া।