চলার পথ নাকি চাষের জমি? প্রশাসনের কোনও হুঁশই নেই
সঞ্জয় দে, দুর্গাপুর
বেহাল রাস্তা বুদবুদ থানার অধীন গোপমহল গ্রামের। ‘বেহাল’ শব্দটাও বেমানান। যেখানে রাস্তার অস্তিত্বই নেই, তা বেহাল হবে কী করে! রসিকতা নয়। বুদবুদের চাকতেঁতুল পঞ্চায়েতের গোপমহল গ্রামে যাতায়াতের রাস্তায় প্রায় দেড়শো ফুট অংশের অবস্থা বর্ষায় চষা জমির মতো। এক ঝলক দেখলে মনে হবে যেন এখনই হাল চালানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেই রাস্তা দিয়ে কয়েকশো বাসিন্দা নিয়মিত যাতায়াত করেন। ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, হেলদোল নেই প্রশাসনের।