নিউ টাউনে দুর্ঘটনায় মৃত সন্তানের অঙ্গদান করলেন বাবা
নিউ টাউনে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ব্রেন ডেথ ১৭ বছরের আকাশের! বুকের ধনকে হারিয়েও মরণোত্তর অঙ্গদানে ৫ জনের জীবনে আলো জ্বালালেন সন্তানহারা বাবা। ভোরের আলো ফোটার আগেই বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে নিউ টাউনের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে বেলেঘাটার কিশোর আকাশ আঢ্য। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ব্রেন ডেথ ঘোষিত হয় তার। চরম শোকের মুহূর্তে দাঁড়িয়েও নজিরবিহীন সিদ্ধান্ত নেন বাবা রেভারেন্ট দেবাশীষ আঢ্য। আকাশের কিডনি, ত্বক ও কর্নিয়া দান করে বাঁচানো হলো পাঁচজন মুমূর্ষু রোগীকে। “আমার কোল তো খালি হলো, কিন্তু আর কারও কোল যেন খালি না হয়”— ‘এই সময়’-এর মুখোমুখি হয়ে চোখের জলে বললেন আকাশের বাবা।