‘জয় জয় মোদী, হর হর মোদী’! দিল্লির প্রেস ক্লাবে ‘মোদী চালিসা’ পাঠ ঘিরে তুমুল বিতর্ক
নয়াদিল্লি: খোদ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (Press Club of India)-এর ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে আরতি এবং ধর্মাচরণের অভিযোগ! শুধু তাই নয়, তাঁর…
নয়াদিল্লি: খোদ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (Press Club of India)-এর ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে আরতি এবং ধর্মাচরণের অভিযোগ! শুধু তাই নয়, তাঁর নামে চলল ‘জয় জয় মোদী, হর হর মোদী’ স্লোগানও। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। তীব্র বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি বিবৃতি দিয়ে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করায় তৎক্ষণাৎ ওই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার নয়াদিল্লির প্রেস ক্লাবের একটি হলে আচমকাই ধর্মীয় রীতিনীতি মেনে একটি অনুষ্ঠান শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদীর একটি বিশালাকার পোস্টারের সামনে কয়েকজন মিলে আরতি করছেন। ওই পোস্টারে প্রধানমন্ত্রীকে হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরতির পাশাপাশি সেখানে উপস্থিত লোকজনকে ‘জয় জয় মোদী, হর হর মোদী’ স্লোগানও দিতে শোনা যায়।
কী বলছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ?
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (PCI)। একটি কড়া বিবৃতি জারি করে তারা স্পষ্ট জানিয়েছে, “আজ আমাদের প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, প্রেস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজক নয়। একটি সংগঠন সাংবাদিক বৈঠক করার উদ্দেশ্যে হলটি ভাড়া নিয়েছিল। কিন্তু হল ভাড়ার শর্তাবলি লঙ্ঘন করা মাত্রই কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং তৎক্ষণাৎ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।”
রাহুল গান্ধীকে নিয়েও একই বিতর্ক
তবে রাজনৈতিক নেতাদের ভগবান রূপে তুলে ধরে পুজো করার ঘটনা এই প্রথম নয়। গত জুন মাসেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে বারাণসীতে যুব কংগ্রেসের সদস্যদের তাঁর পোস্টারে ‘দুগ্ধাভিষেক’ করতে দেখা গিয়েছিল। ওই পোস্টারে বিরোধী দলনেতা রাহুলকে ‘ভগবান পরশুরাম’-এর রূপে তুলে ধরা হয়।
সেই সময় এই ঘটনার তীব্র সমালোচনা করেছিল বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, “রাহুল গান্ধীকে ভগবান পরশুরামের সঙ্গে তুলনা করা শুধুমাত্র হাস্যকরই নয়, এটি হিন্দু ধর্ম ও ঐতিহ্যের চরম অপমান।” এবার খোদ মোদীর নামে আরতির ভিডিও প্রকাশ্যে আসতেই ফের সেই পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
শুধু ইঞ্জিনিয়ার নয়, এবার ডাক্তারও গড়বে আইআইটি মাদ্রাজ!
ইটের বদলে পাটকেল! দিল্লিতে পাক হাই কমিশনের বাইরের ব্যারিকেড সরাল ভারত