হেলথ স্কিম: চিকিৎসার খরচে আসছে বড় বদল
এই সময়: এক দশকেরও বেশি সময় পরে বদলাচ্ছে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের চিকিৎসা খরচের অনুমোদিত হার। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে রাজ্য জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম স্বাস্থ্যবিমার জন্য বিভিন্ন চিকিৎসা, পরীক্ষা ইত্যাদির সংশোধিত হার ১ সেপ্টেম্বর কার্যকর হবে।
২০০৯-এ সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত ও তাঁদের উপরে নির্ভরশীলদের জন্য হেলথ স্কিম চালু হয়। তৃণমূল ক্ষমতায় আসার পরে, ২০১৪-য় চালু হয় ক্যাশলেস ইনডোর চিকিৎসা। নয়া ব্যবস্থায় শহরভেদে পৃথক হারে খরচ নির্ধারিত হয়েছে।
কলকাতা মেট্রোপলিটন এলাকা-সহ X (Tier-I) শহরে পূর্ণ অনুমোদিত হার, Y (Tier-II) শহরে তার ১০ শতাংশ কম ও Z (Tier-III) এলাকায় ২০ শতাংশ কম হার প্রযোজ্য। Y শ্রেণিতে আছে আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি।
হাসপাতালগুলিও দু’টি শ্রেণিতে বিন্যস্ত হচ্ছে। ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম’-এর সচিব রাজীবকুমার পান্ডে বলেন, ‘আমাদের অনুরোধ রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’