পটাশপুর-সহ জেলা জুড়ে বন্যা পরিস্থিতি, এক কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

পটাশপুর-সহ জেলা জুড়ে বন্যা পরিস্থিতি, এক কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

এই সময়, পটাশপুর ও সবং: একে অতিবৃষ্টি, সেই সঙ্গে দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খালগুলির জল নিকাশির ক্ষমতা না থাকা-সাঁড়াশি আক্রমণে কার্যত বন্যা পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায়। বিপর্যস্ত পটাশপুর, ভগবানপুর-সহ জেলার বিস্তীর্ণ এলাকার জনজীবন। তাজপুর ও খেজুরির কাদেরাবাড়চর এলাকায় সমুদ্রবাঁধের বেশ কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ৮০টি ত্রাণশিবির খোলা হয়েছে। এখনও পর্যন্ত জলমগ্ন এলাকা থেকে চার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা পটাশপুর-১ ব্লকে। রবিবার রাত পর্যন্ত গোকুলপুর ও অমর্ষি-২ তে ৬টি ত্রাণশিবির খোলা হয়েছে। দুর্গতদের শুকনো খাবার দেওয়ার পাশাপাশি চারটি কমিউনিটি কিচেনও খোলা হয়েছে এলাকায়। পটশপুর-১ এর বিডিও করিমুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল থেকে কেলেঘাই নদীর জলস্তর কিছুটা কমলেও তা বিপদসীমার কাছেই রয়েছে।’ নৈপুর, সিংদা এলাকায় রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে। গোকুলপুর, পুসা, কালোবড়, আরগোড়া খড়িয়ালপাড়া, খড়িগেড়িয়া, অমরপুর, মহেশপুর,টেপরপাড়া-সহ পটাশপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেশির ভাগ গ্রাম বিচ্ছিন্ন দ্বীপের আকার নিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।

পটাশপুর ১ ব্লকের অমরপুরের প্রবীণ বাসিন্দা সোমনাথ দাস অধিকারী বলেন, ‘বার বার রাজনৈতিক পালাবদল হলেও কেলেঘাই নদী সংস্কারে উদ্যোগী হয়নি কোনও সরকারই।’ স্থানীয় বিজেপি নেতা তাপস মাজি বলেন, ‘কেলেঘাইয়ের উপরের দিকের অংশ সংস্কার হলেও লাঙ্গলকাটা থেকে হলদি নদীর মোহনা পর্যন্ত এলাকায় সংস্কার হয়নি। নদী সংস্কার ও জবরদখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত পটাশপুরের বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।’ সেচমন্ত্রী অরূপকুমার দাস রবিবার নৌকোয় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘কেলেঘাই নদীবাঁধে সেচ দপ্তরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তৈরি রাখা হয়েছে।’

পটাশপুরের পাশাপাশি জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা। তমলুক থেকে ময়না, নন্দকুমার-একাধিক ব্লকে রাস্তা, বসতবাড়ি ও চাষের জমি জলের তলায়। তমলুক পুরসভার পায়রাটুঙ্গি খালের বাঁধ ধসে শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। ময়না ব্লকের প্রায় সমস্ত গ্রামীণ রাস্তা জলমগ্ন। নৈছনপুর-১ পঞ্চায়েত এলাকায় ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৫০টিরও বেশি পরিবার। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের শীতলপুর থেকে বনভেড়া পর্যন্ত বিস্তীর্ণ অংশ জলমগ্ন। জেলা কৃষি দপ্তরের উপ-অধিকর্তা সুকান্ত সাহা রায় জানান, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলায় গড়ে প্রায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমন ও আনাজ চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্লক কৃষি আধিকারিকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া শিল্পাঞ্চলও। সোমবার জলমগ্ন এলাকা ঘুরে দেখেন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেলা সাড়ে এগারোটা নাগাদ হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করেন। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর হলদিয়ায় নিকাশি নালার সংস্কার হয়নি বলে মানুষ ক্ষুব্ধ। দুর্গতদের জন্য খাদ্য, পোশাক, ওষুধ, ত্রিপল, রান্নার গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে ত্রাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন।’ সোমবার সুতাহাটা ব্লকের গরানখালি গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে নজরুল শেখ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘জলমগ্ন পরিস্থিতিতে মাটির বাড়িতে কাউকে থাকতে দেওয়া হবে না। জেলা শাসককে বলেছি, এ বিষয়ে সকলকে সতর্ক করতে।’

নাগাড়ে বর্ষণ ও কেলেঘাই, কপালেশ্বরী নদীর জলস্তর বাড়ায় পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের পাঁচটি পঞ্চায়েত জলমগ্ন। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সবংয়ে যান জেলাশাসক বিজিন কৃষ্ণা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন, মোহনপুরের বেশ কয়েকটি এলাকাতেও রাস্তায় জল উঠে গিয়েছে। সোমবার সকালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নানকার, কোলোনদা, রামচক প্রভৃতি গ্রামে যান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *