সকালে ডিটক্স ওয়াটারের সঙ্গে দু’টো শুকনো খেজুর খেলে কী কী সুফল মিলবে?
যাঁদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাঁদের অনেকেই দুধে খেজুর মিশিয়ে খান। আবার রক্তাল্পতার সমস্যাতেও খেজুর খেলে দারুণ কাজ দেয়। কিন্তু কোন ধরনের খেজুর খেলে বেশি উপকার পাবেন জানেন?
বিশেষজ্ঞদের মতে, সাধারণ খেজুরের বদলে শুকনো খেজুর বা সোয়ারা খেলে বেশি উপকার মেলে। সকালে যদি ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস থাকে, তাতে কয়েক সোয়ারাও মিশিয়ে দিতে পারেন। পুষ্টিবিদরা বলছেন, দিনে দু’টো শুকনো খেজুর খেলেই শরীর একদম চাঙ্গা থাকবে। কী কী উপকার মিলবে জানেন?
পুষ্টিগুণে ভরপুর
শুকনো খেজুরের মধ্যে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো মিনারেল পাওয়া যায়। এমনকী ভিটামিন বি৬, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে শুকনো খেজুর দারুণ কাজ করে।
শরীরে এনার্জি জোগায়
শুকনো খেজুরে গ্লুকোজ়, ফ্রুক্টোজ় এবং সুক্রোজ়ের মতো প্রাকৃতিক শর্করা রয়েছে। তাই শুকনো খেজুর খেলে শরীরে তৎক্ষণাৎ এনার্জি পাওয়া যায়। যদি সারাদিন শরীর ক্লান্ত থাকে, কাজ করার এনার্জি না থাকে, তা হলে খেজুর খেয়ে নিন। শরীরে চনমনে ভাব ফিরে পাবেন।
হজমশক্তি বাড়ে
বদহজমে ভোগেন? ঠিকমতো পেট পরিষ্কার হয় না? এই সমস্যার সমাধান রয়েছে শুকনো খেজুরে। এই ড্রাই ফ্রুটসে রয়েছে সহজপাচ্য ফাইবার। এটি হজমের সমস্যা দূর করে। শুকনো খেজুর খেলে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি কমে।
হৃদরোগের ঝুঁকি কমে
হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী শুকনো খেজুর। এই শুকনো ফলে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো মিনারেল রয়েছে। এগুলো রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করে। তাই রোজ দু’টো করে শুকনো খেজুর খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমিয়ে ফেলতে পারেন।
হাড় মজবুত করে
শুকনো খেজুরের মধ্যে ফসফরাস এবং ক্যালশিয়াম রয়েছে। এই দুই উপাদানই হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলো হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। হাড়কে ক্ষয়ে যাওয়া থেকে রোধ করে এবং অস্টিয়োপোরোসিসের ঝুঁকি প্রতিরোধ করে। এ ছাড়া দাঁতের স্বাস্থ্যও বজায় রাখে শুকনো খেজুর।
FAQ
১. দিনে কতটি শুকনো খেজুর খাওয়া যায়?
প্রতিবেদন অনুযায়ী, দিনে দু’টি শুকনো খেজুর খাওয়া যেতে পারে।
২. শুকনো খেজুরে কী কী পুষ্টি রয়েছে?
আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি৬, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
৩. শুকনো খেজুর কি কোষ্ঠকাঠিন্যে উপকারী?
ফাইবার থাকায় এটি হজম ও মলত্যাগ স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে।
৪. শুকনো খেজুর কি শরীরে এনার্জি দেয়?
হ্যাঁ। এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগাতে পারে।
৫. শুকনো খেজুর কি হাড়ের জন্য ভালো?
এতে ক্যালশিয়াম ও ফসফরাস থাকায় হাড়ের স্বাস্থ্যে সহায়ক হতে পারে।