পদ্ম-কর্মী পরিচয়ে তোলাবাজির অভিযোগ, ক্ষমা চাইলেন যুবক
এই সময়, ইসলামপুর: আঞ্চলিক পরিবহণ দপ্তরের কর্মী এবং বিজেপি নেতা পরিচয় দিয়ে গাড়িচালকের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হতেই তদন্তে নামে ইসলামপুর আরটিও দপ্তর। জানা যায়, বুদ্ধদেব পাল নামে ওই ব্যক্তি সরকারি কর্মী নন। শাসকদলের নাম ব্যবহার করে তোলাবাজির ওই ভিডিয়ো দেখে স্থানীয় বিজেপি নেতৃত্বও তদন্তে নামে। দলের ভাবমূর্তি ফেরাতে বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর শহর বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হয়।
সেখানে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অভিযুক্ত বুদ্ধদেব ভুল স্বীকার করেন। কান ধরে প্রকাশ্যে ক্ষমাও চান। জানা গিয়েছে, কয়েকদিন আগে ইসলামপুরের অলিগঞ্জ বাইপাস মোড় সংলগ্ন এলাকায় অভিযুক্ত একটি গাড়ি থামিয়ে চালকের কাছে টাকা দাবি করেন।
অভিযোগ, তিনি নিজেকে আরটিও অফিসের কর্মী এবং বিজেপির নেতা বলে পরিচয় দেন। গাড়িচালক মোবাইলে অভিযুক্তের ভিডিয়ো তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। অনেকেই প্রশ্ন তোলেন, কী ভাবে ওই ব্যক্তি এ ভাবে টাকা আদায়ের চেষ্টা করতে পারেন। বুদ্ধদেব বলেন, ‘মদ্যপ অবস্থায় ছিলাম বলেই ওই কাজ করেছি।’ বিজেপি নেতা পাপাই দের বক্তব্য, ‘রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করায় অভিযুক্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল।’