ISL 2026-27: জামশেদপুর এফসির হাতবদল, মাত্র ১০০ টাকায় আইএসএলে চার্চিল ব্রাদার্স! | Jamshedpur FC sold their sporting license to Churchill Brothers in 100 rupees - 24 Ghanta Bangla News
Home

ISL 2026-27: জামশেদপুর এফসির হাতবদল, মাত্র ১০০ টাকায় আইএসএলে চার্চিল ব্রাদার্স! | Jamshedpur FC sold their sporting license to Churchill Brothers in 100 rupees

Spread the love

নয়াদিল্লি : টাটা স্টিল জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড-এর সম্পূর্ণ স্টেক বিক্রি করার অনুমোদন দিয়ে দিয়েছে। দিন কয়েক আগেই জানানো হয়েছিল, আইএসএল থেকে নাম তুলে নিচ্ছে জামশেদপুর এফসি। তাই, জামশেদপুর দলের ফুটবলের ভবিষ্যৎ কি, তা নিয়ে একপ্রকার চিন্তায় ছিলেন সমর্থকরা। তবে সূত্রের খবর, জামশেদপুর এফসির লাইসেন্স নিয়ে আইএসএলে দল নামবে চার্চিল ব্রাদার্স। এমনকি, মাত্র ১০০ টাকার বিনিময়ে নিজেদের ISLফুটবল লাইসেন্স দিয়েছে জামশেদপুর।

শুক্রবারই টাটা স্টিলের পরিচালন পর্ষদ কমিটি জানিয়েছে, টাটা স্টিলের সম্পূর্ণ মালিকানাধীন ফুটবল সংস্থা জামশেদপুরের ৪.০৮ কোটি ইক্যুইটি শেয়ার হস্তান্তর করা হবে। এই চুক্তির শর্তাবলী নির্ধারণ করে দুই দলই একটি শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টেও সই করেছে। তবে শোনা গিয়েছে, সম্পূর্ণ মালিকানা হস্তান্তর হতে ফেডারেশনের অনুমতি লাগবে ও সম্পূর্ণ চুক্তি হতে ১৫ দিন সময় লাগতে পারে। দুজনের চুক্তিতে রয়েছে, জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স পাবে চার্চিল ব্রাদার্স। সঙ্গে ১২ জন ফুটবলার ও ২ জন কোচকেও চার্চিল ব্রাদার্স নেবে। সাম্প্রতিক সময়ে চরম বিতর্কের মধ্যে ছিল চার্চিল। গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ইন্টার কাশী ও চার্চিলের বাগবিতণ্ডা আদালত পর্যন্ত গড়িয়েছিল। এরপর আদালতের রায়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইন্টার কাশীকে। তবে এবার নতুন করে আইএসএল খেলবে চার্চিল।

যদিও, অতীতে এটিকে-র লাইসেন্স নিয়ে আইএসএল খেলেছিল মোহনবাগান। আবার গত মরসুমে হায়দ্রাবাদ এফসি-র লাইসেন্স নিয়েও আইএসএল খেলেছিল স্পোর্টিং দিল্লি। ১৯৮৭ সালে জামশেদপুরে প্রতিষ্টিত টাটা ফুটবল অ্যাকাডেমি এখনও পর্যন্ত ৩০০-রও বেশি ফুটবলারকে পরিচিতি দিয়েছে, যার মধ্যে ১৫০ জনের বেশি ফুটবলার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। তবে চার্চিল ব্রাদার্স আইএসএল খেলার সুযোগ পাওয়ার ফলে গোয়ার ফুটবলে উন্নতি হবে, এমন আশা করছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *