‘হাসিনা কার্ড খেলা বন্ধ করুক দিল্লি’, বার্তা তারেকের মন্ত্রীর
এই সময়, ঢাকা: ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে নিজেদের ভূখণ্ডে বসে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়া হবে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে— ভারতের এই অবস্থান বিপরীতমুখী।’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি অনুসারী শিক্ষকদের এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দেন।
গত ৫ অগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বেসরকারি সংগঠনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুক্তিযুদ্ধের মাস’ ডিসেম্বরে দলবল নিয়ে তাঁর দেশে ফেরার কথা ফের ঘোষণা করলে বিএনপি সরকার ও তাদের মিত্র জামায়াতে ইসলামি-এনসিপি জোটে অস্বস্তি বেড়ে যায়। সরকারের বিবৃতিতে হাসিনাকে ‘দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী’, ‘খুনি’ এবং ‘দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করা হয়। তারেক রহমানের অন্য মন্ত্রীরাও গত দু’দিন ধরে হাসিনা ইস্যুতে বেশ সরব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত শুক্রবারও অন্য একটি অনুষ্ঠানে দিল্লিতে হাসিনার সাংবাদিক বৈঠকের সমালোচনা করে বলেছিলেন, ‘কীসের হাসিনা? তাঁর চেহারা কি দেখা গিয়েছে? মাঝে-মধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়! তারা (আওয়ামি লিগ) চেষ্টা করছে বাংলাদেশে কোনও অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা।’
শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বেসরকারি ভাবে শেখ হাসিনার যে সাংবাদিক বৈঠক দিল্লির ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাবে করা হয়েছে, তার উপরে ভারত সরকারের কোনও নিয়ন্ত্রণ ছিল না। হাসিনা তারেক রহমানের সরকারের সম্পর্কে যে সব কথা বলেছেন, ভারত সরকার তার সঙ্গে সহমত নয় বলেও জানিয়েছেন মুখপাত্র জয়সওয়াল। হাসিনা ‘অবৈধ’ বললেও দিল্লি যে তারেক রহমানের সরকারকে ‘বৈধ’ বলে মনে করে, বিদেশ দপ্তরের মুখপাত্র সে কথাও জানিয়েছেন।