রাজমিস্ত্রির জোগাড়ে করেও ব্রোঞ্জ, মাসুদের সাফল্যে প্রশ্ন ক্রীড়া পরিকাঠামো নিয়ে - 24 Ghanta Bangla News
Home

রাজমিস্ত্রির জোগাড়ে করেও ব্রোঞ্জ, মাসুদের সাফল্যে প্রশ্ন ক্রীড়া পরিকাঠামো নিয়ে

Spread the love

বাবান আদক, কলকাতা: খেলার মাঠে কর্তাদের গলায় বড় বড় ভাষণ আর প্রতিশ্রুতির ফুলঝুরি তো হামেশাই শোনা যায়। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ক্যানিংয়ের বালুইঝাঁকা গ্রামের মাসুদ…

বাবান আদক, কলকাতা: খেলার মাঠে কর্তাদের গলায় বড় বড় ভাষণ আর প্রতিশ্রুতির ফুলঝুরি তো হামেশাই শোনা যায়। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ক্যানিংয়ের বালুইঝাঁকা গ্রামের মাসুদ হোসেন ঘরামির (Masud Hossain) গল্পটা শুনলে এই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা একেবারে নগ্ন হয়ে পড়ে। সদ্যসমাপ্ত রাজ্য অ্যাথলেটিক্স মিটে ৩০০০ মিটার স্টিপলচেজে যিনি ব্রোঞ্জ পদক নিয়ে এলেন, তাঁর আসল পরিচয় জানেন? তিনি পেশায় এক জন রাজমিস্ত্রির জোগাড়ে! হ্যাঁ, সকাল থেকে ইট পাথর বালি বয়ে যাঁর দিন কাটে, শয্যাশায়ী বাবার চিকিৎসার খরচ জোগাতে যাঁর মাথার ঘাম পায়ে পড়ে, সেই মাসুদই ট্র্যাকে নেমে আধুনিক স্পাইক পরা অ্যাথলিটদের টেক্কা দিচ্ছেন। আর আমাদের ক্রীড়া কর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আধুনিক স্পোর্টস সায়েন্সের বড়াই করছেন!

টোটো দুর্ঘটনায় আহত হয়েও, অপর্যাপ্ত প্রস্তুতিতে এবং কার্যত বিনা পুষ্টিতে, গ্রামের জমির আল দিয়ে দৌড়ে অনুশীলন করে মাসুদ ১০ মিনিট ৪৪ সেকেন্ডে যে অসাধ্য সাধন করেছেন, তা কি আদৌ প্রাপ্য সম্মান পাচ্ছে? মাসুদের বোন মোমতারিনা অনূর্ধ্ব-২৩ বিভাগে মেয়েদের ২০ হাজার মিটার রেস ওয়াকিংয়ে রেকর্ডসহ সোনা জিতেছেন। এক চরম অভাবের সংসার থেকে উঠে আসা দুই ভাই-বোনের এই লড়াই আসলে প্রশাসনের গালে এক সশব্দ চড়। কর্পোরেট স্পনসররা কোথায়? রাজ্য ক্রীড়া দফতরই বা কোথায়?

Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

মাসুদ সেনাবাহিনী বা বিএসএফ-এ যোগ দিয়ে দেশের সেবা করতে চেয়েছিলেন, সামান্যর জন্য সুযোগ হাতছাড়া হয়েছে। আপাতত সিআরপিএফ-এর দিকে তাকিয়ে রয়েছেন একটি চাকরির আশায়। কিন্তু একটা প্রতিভাবান অ্যাথলিটকে কেন রোজ দু’বেলা দু’মুঠো ভাত জোগাড়ের জন্য ঘাড় গুঁজে শ্রমিকের কাজ করতে হবে? মাসুদের কোচ প্রাণবল্লভ সাহা জানেন, সঠিক সাহায্য পেলে তাঁর ছাত্রের মধ্যে জাতীয় স্তরে পদক আনার মশলা মজুত রয়েছে। কিন্তু অভাবের জাঁতাকলে যদি আগামী দিনে এই তরতাজা প্রতিভা হারিয়ে যায়, তবে তার দায় কে নেবে?

মাসুদের এই লড়াই আসলে শুধু পদক জয়ের নয়, এ এক নির্লজ্জ এবং উদাসীন ব্যবস্থার বিরুদ্ধে খাদের কিনারা থেকে টিকে থাকার মরিয়া আর্তনাদ। সিস্টেম যদি এখনই মাসুদের পাশে না দাঁড়ায়, তবে সেটা হবে বাংলার ক্রীড়াজগতের চরম ব্যর্থতা।

Also Read | মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলা: অবশেষে বেকসুর খালাস ব্রিজ ভূষণ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *