ট্রেনে কাটা পড়লেন হুগলির রেল অফিসার
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো রেলের এক অফিসারের। মৃতের নাম কমল সেনাপতি (৫৩)। তিনি রেলের পাবলিক ওয়ার্কস বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার পদে হুগলি স্টেশনে কর্মরত ছিলেন। সহকর্মীদের একাংশের দাবি, কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন কমল। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্রের খবর, শুক্রবার চন্দননগরে যাওয়ার কথা ছিল কমলের। সেই মতো তিনি সকাল ৮টা নাগাদ হুগলির বাড়ি থেকে বেরোন। তার পরেই হুগলি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি ঘটনাস্থলে গিয়ে কমলের দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।