Taslima Nasrin: আপনি কি ভারতেই থাকবেন? সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট অবস্থান জানালেন বাংলাদেশি লেখিকা | Bangladeshi author taslima nasrin says she will stay in india for now
কলকাতা বিমানবন্দরে তসলিমা নাসরিনImage Credit: TV9 Bangla
কলকাতা: দু’দশক পর কলকাতায় আসতে পেরেছেন। আর তিলোত্তমায় পা দিয়েই একাধিক জায়গায় সংবর্ধনা পেয়েছেন। মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি। বুধবার কলকাতা ছাড়ার সময় সে কথাই জানিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, শীঘ্রই কলকাতায় আসবেন। বাংলাদেশেও তিনি ফিরতে চান বলে জানিয়ে গেলেন। তবে আপাতত ভারতেই থাকবেন বলে জানালেন।
তাঁর লেখনী নিয়ে নানা বিতর্ক। বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত। ২০০৭ সাল থেকে কলকাতাতেও এতদিন আসতে পারেননি। রাজ্যে পালাবদলের পর তিলোত্তমায় পা রাখতে পেরেছেন তসলিমা। গত ৩১ জুলাই কলকাতায় আসেন তিনি। কয়েকদিন থেকে এদিন কলকাতা থেকে রওনা দেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, “৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না। আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।” তাহলে কি ভারতেই থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন বাংলাদেশি লেখিকা। বলে দিলেন, “আপাতত ভারতেই থাকব।”
কলকাতা থেকে কেমন স্মৃতি নিয়ে যাচ্ছেন? প্রশ্ন শুনেই খুশির অভিব্যক্তি তাঁর চোখে-মুখে। বললেন, “খুবই ভালো স্মৃতি। মানুষের ভালোবাসা বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এতটা পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে।” আবার কবে কলকাতা আসতে চান? বাংলাদেশি লেখিকা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসবেন তিনি। বললেন, “অক্টোবরে কথা হচ্ছে। না হলে জানুয়ারিতে। বইমেলাতে তো আসবই।”
সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুর্গোৎসব। সেইসময় কি কলকাতায় দেখা যাবে তাঁকে। বললেন, “পুজোয় আসা সম্ভব হবে না। ওইসময় অন্য দেশে থাকব। তবে কলকাতা যখনই ডাকবে, আমি আসব।” কলকাতায় শীঘ্র আসবেন জানিয়েই কলকাতা বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন তিনি।