Sensex ১৫২ পয়েন্ট বাড়লেও Nifty50-র গ্রোথ হলো মাত্র ১০ পয়েন্ট
দেশের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ সবুজ থাকল বুধবারের ট্রেডিং সেশনের শেষে। সকালে পজ়িটিভ ওপেনিংয়ের পরে ওঠানামা বজায় ছিল দুই ইনডেক্সেই। পজ়িটিভে শেষ করলেও নিফটি৫০-র বৃদ্ধি হয়েছে সামান্যই।
বুধবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ১৫২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। সেখানে নিফটি৫০ বেড়েছে মাত্র ১০ পয়েন্ট বা ০.০৪ শতাংশ। বুধবারের ট্রেডিং শেষে সেনসেক্স রয়েছে ৭৮,৫৮১ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৪,৬২৪ পয়েন্টে।
মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলি এ দিন বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র তুলনায় বেশি। বিএসই স্মল ক্যাপ ২৫০ বেড়েছে ০.৭০ শতাংশ এবং বিএসই মিড ক্যাপ ১৫০ ইনডেক্স বেড়েছে ০.৩৪ শতাংশ।
সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে এ দিনের ট্রেডিং সেশনে। মেটাল, অটো, রিয়েলটি, কমোডিটিজ়, পিএসইউ ব্যাঙ্ক, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচারের মতো সেক্টরাল ইনডেক্সগুলি পজ়িটিভে রয়েছে। তবে আইটি, ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, এফএমসিজি, ফার্মা-র মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের পয়েন্ট কমেছে।
বুধবার বাজারে গতিপ্রকৃতির প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টসের রিসার্চ প্রধান বিনোদ নায়ার ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেটে কোনও পরিবর্তন না আনলেও ২০২৬-২৭ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে। পাশাপাশি মূল্যবৃদ্ধির পূর্বাভাসও কিছুটা কমানো হয়েছে। তাঁর মতে, এতে দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক বার্তা মিলেছে। তবে ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত অনেকটাই অর্থনৈতিক তথ্যের উপর নির্ভর করবে।
তবে দিনের শুরুতে বাজারে ভালো গতি থাকলেও পরে পশ্চিম এশিয়ার উত্তেজনা ফের বাড়ায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যায়। যার প্রভাবে সেনসেক্স ও নিফটি-র বৃদ্ধির মার্জিন কমেছে।