বাজারের থলিতে স্বস্তি ফেরাতে হানা প্রশাসনের - 24 Ghanta Bangla News
Home

বাজারের থলিতে স্বস্তি ফেরাতে হানা প্রশাসনের

Spread the love

এই সময়: রবিবারের বাজার বলে কথা। সারা সপ্তাহে এই দিনেই সব থেকে বেশি ভিড় হয় বাজারগুলিতে। এ দিন সকালে বাজার তখন সবে জমতে শুরু করেছে। তখনই পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জুড়ে একের পর এক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সঙ্গে পুলিশ ও জেলা প্রশাসন। আনাজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম ঠেকাতেই এই অভিযান।

এ দিন পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া বাজারে পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় এবং গুসকরা হাটতলা ও স্কুলমোড়ে রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাজি প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন। বর্ধমানের বড়নীলপুর ও তেঁতুলতলা বাজারে ডিআইবি আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শনে নামেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। এ ছাড়া গলসি, মঙ্গলকোটেও বিশেষ নজরদারি চালানো হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতি বাজারে ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল মাছ ও আনাজের বাজার দর খতিয়ে দেখার পাশাপাশি ওজন মেশিন পরীক্ষা করেন এবং পণ্য মজুত না করার বার্তা দেন।

পুরুলিয়ার বড়হাটে জেলা পুলিশ, ডিইবি, কৃষি দপ্তর ও পুরসভার যৌথ প্রতিনিধি দল আড়তদার ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে চড়া দামে বিক্রিতে কড়া ধমক দেন। এ দিন পুরুলিয়া জেলা পুলিশ, ডিইবি, কৃষি দপ্তর, পুরুলিয়া পুরসভা সমেত আরও বেশ কয়েকটি | দপ্তরের আধিকারিকরা খুচরো ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। আড়তদারদের সঙ্গে আনাজ ও অন্যান্য পণ্যের সঠিক মূল্য নিয়ে আলোচনা করেন। যে সব খুচরো বিক্রেতা চড়া দামে আনাজ ও পণ্য বিক্রি করছেন তাঁদের ধমকও দেন আধিকারিকরা।

অন্য দিকে, বাঁকুড়ার মাচানতলা, চকবাজার, কলেজ রোড, কাটজুড়িডাঙা সমেত খাতড়া ও বিষ্ণুপুরে একযোগে অভিযান চলে। বিষ্ণুপুরে বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায় এবং বড়জোড়া, গঙ্গাজলঘাটি ও বেলিয়াতোড় বাজারে বিধায়ক বিশ্লেশ্বর সিনহা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বাজার পরিদর্শনে শামিল হন। সর্বত্রই আধিকারিকরা ক্রেতা-বিক্রেতা উভয়ের থেকে তথ্য সংগ্রহ করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কড়া নির্দেশ দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *