ফুটবল বিশ্বকাপ থেকে কোন শিক্ষা পাওয়া গেল?
এটাই হলো বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসল সুফল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা শেষ পর্যন্ত বিদেশি দর্শকের উপরে নির্ভরশীল। তারা শুধু খেলা দেখতেই আসে না, কয়েক দিন থেকেও যায়। পরিবার সমেত শহর ঘোরে, জাদুঘরে যায়, কেনাকাটা করে, স্থানীয় খাবারের আস্বাদ নেয়। অর্থাৎ একটি ফুটবল ম্যাচের টিকিটের চেয়েও অনেক বেশি অর্থ স্থানীয় অর্থনীতিতে ব্যয় করে। পর্যটকের খরচ আবার একটি দোকানেই থেমে থাকে না। সেই টাকায় কর্মচারীর মজুরি হয়, কর্মচারী মজুরি খরচ করে বাজারে, সেই অর্থ পৌঁছে যায় আরও অনেকের কাছে। অর্থনীতিতে একে বলা হয় ‘মাল্টিপ্লায়ার এফেক্ট’— একটি টাকা খরচ করার ফলে বহু টাকায় পরিণত হয়। শেষ পর্যন্ত বিদেশের এবং দেশের অভ্যন্তরীণ পর্যটকের জন্য লাভ হয় গোটা দেশের অর্থনীতির।
অথচ এখানেই উত্তর আমেরিকার বিশ্বকাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর (অনেক ক্ষেত্রে অযৌক্তিক বর্ণবিদ্বেষী) ভিসা ব্যবস্থা বিদেশি ক্রীড়াপ্রেমীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ অপেক্ষা এবং অনিশ্চয়তার কারণে বহু সম্ভাব্য দর্শক শুধু যুক্তরাষ্ট্র নয়, ক্যানাডা-মেক্সিকো সমেত গোটা বিশ্বকাপের সফরের পরিকল্পনাই বাতিল করেছে। অর্থনীতির দৃষ্টিতে এটি নিছক প্রশাসনিক সমস্যা নয়, বরং নীতিগত ব্যর্থতা। যে পর্যটক আসতেই পারল না, সে এবং তার পরিবার শুধু যে একটি ম্যাচ দেখেনি তাই-ই নয়, তার অনুপস্থিতি হোটেল রেস্তোরাঁর মালিক, ট্যাক্সি ড্রাইভার, স্থানীয় দোকানদারদের মতো বহু মানুষের সম্ভাব্য আয় কমিয়ে দিয়েছে।
আগামী এক দশকে ভারত বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আয়োজক দেশে পরিণত হতে চলেছে। আহমেদাবাদ কমনওয়েলথ গেমস আয়োজনের পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক্স এবং ২০৩৮ সালের এশিয়ান গেমস আয়োজনের উচ্চাকাঙ্ক্ষাও আলোচনায় রয়েছে। ইতিহাসের দিকে তাকালে ভারতের এই স্বপ্নকে অসম্ভব মনে হয় না। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া যখন সিওল অলিম্পিক গেমস আয়োজন করেছিল, তখন তাদের অর্থনীতি সবেমাত্র ডানা মেলতে শুরু করেছে। সেই মেগা-ইভেন্টের সফল আয়োজন শুধু কোরিয়ার অর্থনীতিকেই চাঙ্গা করেনি, বরং দেশের সামগ্রিক ক্রীড়া সংস্কৃতি ও পরিকাঠামোকে এমন এক স্তরে নিয়ে গিয়েছিল, যার সুফল তারা আজও অলিম্পিক পদক তালিকায় শীর্ষ দেশগুলোর সারিতে থেকে ভোগ করছে। ভারতও যদি সঠিক অর্থনৈতিক যুক্তি ও দূরদর্শিতা মেনে চলে, তবে ২০৩৬ সালের অলিম্পিক গেমস শুধু পরিকাঠামো বা অর্থনীতির লাভই আনবে না, ভারতীয় ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সের এক নতুন সোনালি অধ্যায়ের সূচনা করতে পারে।