স্টান্ট ডেকে আনল বিপদ, ‘জীবন্ত সমাধি’ দেখাতে গিয়ে মৃত্যু ২৭ বছরের দীপকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদাবাদের গাঁওছি (Gaunchi) গ্রামের বাসিন্দা ছিলেন দীপক। তিনি একটি ভ্রাম্যমাণ সার্কাস দলের সদস্য ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নানা ধরনের স্টান্ট দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সূত্রের খবর, মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি এই ধরনের প্রদর্শনীর সঙ্গে যুক্ত ছিলেন। গত প্রায় ১৫ বছর ধরে ‘লাইভ সমাধি’র মতো ঝুঁকিপূর্ণ স্টান্টও সফলভাবে সম্পন্ন করেছিলেন।
ঘটনার দিন, অর্থাৎ ২৩ জুলাই, নুহ জেলার তাউরু (Tauru) এলাকার খোরি গ্রামে একটি খালি জমিতে তাঁদের অস্থায়ী শিবির ছিল। সেখানে স্থানীয়দের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রথমে দীপক দর্শকদের সামনে একের পর এক সাইকেল স্টান্ট দেখান। এরপর ছিল অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ—‘লাইভ সমাধি’।