তেলঙ্গানা থেকে ট্রেনে উঠে উধাও এক শ্রমিক, বালুরঘাটের বাসিন্দা - 24 Ghanta Bangla News
Home

তেলঙ্গানা থেকে ট্রেনে উঠে উধাও এক শ্রমিক, বালুরঘাটের বাসিন্দা

Spread the love

এই সময়, বালুরঘাট: তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক পরিযায়ী শ্রমিক। লুকাস কিন্তু নামে ওই শ্রমিকের গত ১০ দিন ধরে কোনও খোঁজ নেই। দুই সন্তান নিয়ে তাঁর স্ত্রী মহা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এদিকে ঠিকাদার ও সহযাত্রীর বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় রহস্য ঘনীভূত হয়েছে। ইতিমধ্যেই জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।

বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বিরোহিনী গ্রামের বাসিন্দা লুকাস প্রায় দু’মাস আগে স্থানীয় ঠিকাদার জয়ন্ত বর্মনের মাধ্যমে সেকেন্দ্রাবাদে কাজে যান। তাঁর সঙ্গে একই এলাকার বাসিন্দা বচ্চন বর্মনও ছিলেন। গত ১৬ জুলাই বচ্চন ফোন করে লুকাসের স্ত্রী শ্যামলি মুর্মুকে জানান, তাঁরা ট্রেনে চেপে বাড়ি ফিরছেন। দু’দিন পর বচ্চন বাড়ি ফিরলেও লুকাস ফেরেননি। বচ্চনের দাবি, দীর্ঘ যাত্রাপথে কখন এবং কোথায় লুকাস ট্রেন থেকে নেমে গিয়েছেন, তা তাঁর জানা নেই।

ঠিকাদার জয়ন্তের বক্তব্য, ‘সেকেন্দ্রাবাদে মদ্যপ অবস্থায় গোলমাল করায় লুকাসকে আগেই বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারপর থেকে তাঁর সঙ্গেও আর কোনও যোগাযোগ হয়নি।’ কিন্তু এই দুই বক্তব্যে একাধিক প্রশ্ন উঠছে। যদি সত্যিই লুকাস ট্রেনে উঠেছিলেন, তাহলে তিনি কোথায় হারিয়ে গেলেন?

তাঁর স্ত্রী শ্যামলি মুর্মু বলেন, ‘আমার স্বামী বহুবার ভিনরাজ্যে কাজে গিয়েছেন। কখনও এমন হয়নি। প্রশাসন যেন দ্রুত আমার স্বামীকে খুঁজে দেয়।’ লুকাসের শাশুড়ি মিনতি বেসরা বলেন, ‘ঘরে দুই ছোট নাতনি। জামাই ছিল পরিবারের একমাত্র ভরসা। সে-ই যদি আর না ফেরে, তা হলে সংসার চলবে কী করে?’ পুলিশ জানিয়েছে, নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *