ড্রাগ কন্ট্রোলের আধিকারিক সেজে দোকানে হানা, ধৃত ২
এই সময়, খাতড়া: ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিক সেজে ওষুধের দোকানে হানা দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলো দুই যুবক। এক ব্যবসায়ীর তৎপরতায় হাতেনাতে ধরা পড়েছে তারা। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার ঘটনা। ধৃতদের নাম বিবেক বেরা ও সন্টু মুখোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, বিবেকের বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, আর সন্টু বাঁকুড়ার হেলনা শুশুনিয়া গ্রামের বাসিন্দা। সোমবার খাতড়া মহকুমা আদালতে ধৃতদের হাজির করা হলে দু’জনকেই তিন দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।