APP Cab: সোমবার দিনভর মিলবে না অ্যাপ ক্যাব, সপ্তাহের শুরুতে চরম ভোগান্তি যাত্রীদের | CITU's 12 Hour App Cab Strike in Kolkata Today - 24 Ghanta Bangla News
Home

APP Cab: সোমবার দিনভর মিলবে না অ্যাপ ক্যাব, সপ্তাহের শুরুতে চরম ভোগান্তি যাত্রীদের | CITU’s 12 Hour App Cab Strike in Kolkata Today

Spread the love

কলকাতা: সপ্তাহের শুরুতেই ভোগান্তি। সোমবার কলকাতায় ১২ ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। সকাল ৬টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ে অ্যাপে সার্চ করেও কোনও ক্যাব মিলবে না। অ্যাপ নির্ভর বাইকে যাঁরা যাতায়াত করেন, তাঁরাও সমস্যায় পড়বেন। জানা গিয়েছে, সিটুর ধর্মঘটকে সমর্থন করেছে বাইক ও ট্যাক্সি সংগঠনও। সেক্ষেত্রে, প্রায় ১২ ঘণ্টা অ্যাপ ক্যাবের পাশাপাশি বাইক, ট্যাক্সিও পাওয়া যাবে না। এর ফলে সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, আজ সকাল ১১টায় মৌলালির রামলীলা ময়দানে অ্যাপ ক্যাবচালকরা জমায়েত হবেন। সেখান থেকে মিছিল করে পরিবহন দফতরে স্মারকলিপি জমা দেবেন। মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই দাবিতে পেট্রোল-ডিজেলের দাম থেকে ভাড়া বৃদ্ধি-সহ একাধিক বিষয় রয়েছে। কোন কোন দাবিতে সিটু ধর্মঘটের ডাক দিয়েছে দেখে নেওয়া যাক…

  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ার রি-স্ট্রাকচারিং করতে হবে।
  • প্রাইভেট বাইক এবং প্রাইভেট চারচাকা গাড়ি ভাড়া খাটাতে দেওয়া চলবে না।
  • কলকাতায় CNG-এর সমস্যা মেটাতে হবে। এই বিষয়ে পেট্রোল পাম্পে লোকাল লাইনের দালালি বন্ধ করতে হবে।
  • পুলিশ কেস ছাড়া সমস্ত বন্ধ ID খুলতে হবে।
  • পুলিশি হয়রানি বা জুলুমবাজি বন্ধ করতে হবে।
  • VLTD-এর সমস্যা মেটাতে হবে।
  • পলিউশন করানোর জন্য মোবাইল নম্বর ব্যবহার বন্ধ করতে হবে।
  • এসি লাগানো ক্যাবে নন-এসি ভাড়া বন্ধ করতে হবে।
  • মহিলা ড্রাইভারদের জন্য শহরের পেট্রোল পাম্প এবং হোটেল-রেস্তোরাঁয় শৌচাগার ব্যবহারের সুব্যবস্থা করতে হবে।
  • E-20 পেট্রোল শুধুমাত্র E-20 ক্যাটাগরির গাড়ির জন্য ব্যবহার করতে হবে।
  • পেট্রোল, ডিজেল ও CNG-এর দাম কমাতে হবে।

এদিকে, সপ্তাহের শুরুতে অ্যাপ ক্যাবের ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। কারণ অনেকেই জানেন না, ধর্মঘট ডাকা হয়েছে। শিয়ালদহ স্টেশন, বিমানবন্দরের বাইরে যাত্রীদের লম্বা লাইন। কেউ একঘণ্টা ধরে অপেক্ষা করছেন, কেউ দেড় ঘণ্টা। একেই ক্যাব মিলছে না, তার উপর বৃষ্টি। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। এদিকে, অ্যাপ ক্যাব না মিললেও অ্যাপ নির্ভর শাটল পরিষেবা স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *