সরকারি খাতায় ‘মৃত’, পরিষেবা বন্ধ জীবিত মহিলার
এই সময়, হেমতাবাদ: দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন। অথচ প্রশাসনের খাতায় তিনি মৃত। তাঁর আধার কার্ড ক্লিক করলেই তাঁকে ‘মৃত’ বলে দেখাচ্ছে। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের কলোনি পাড়ার বাসিন্দা ‘মৃত’ সুশীলা বারুই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বন্ধ হয়ে গিয়েছে তাঁর রেশন, গ্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্বাস্থ্যসাথী। শুধু তাই নয়, বর্তমানে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। হাসপাতালে নিয়ে গেলে আধার কার্ড মৃত দেখানোয় ভর্তি হতে নাজেহাল হতে হচ্ছে তাঁকে।