রেকর্ড গড়ে মাকে নিয়ে অভিনব সেলিব্রেশন বৈভবের
এই সময়: আয়ারল্যান্ড, ইংল্যান্ডে টানা হারের পরে অবশেষে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টি–টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত। বৃহস্পতিবার হারারেতে তিন টি–টোয়েন্টির সিরিজ়ের প্রথম ম্যাচে ৭ উইকেটে অনায়াস জয়। জ়িম্বাবোয়ের ১২৫–৭–এর জবাবে ৪০ বল আগে ১২৬–৩ তুলে জয়।এই ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্য বৈভব সূর্যবংশী। ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন ভারতের এই ওপেনার। মেরেছেন ৪টি চার ও ৪টি ছয়, স্ট্রাইক রেট ২৬৩.১৫। তাঁর হাফ সেঞ্চুরি এসেছে ১৮ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন বৈভব (১৫ বছর ১১৮ দিন)। আগে এই রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার (১৫ বছর ৩৪০ দিন) দখলে।
এখানেই শেষ নয়। হাফ সেঞ্চুরি করে এ দিন সেলিব্রেশনেও অভিনবত্ব দেখালেন বৈভব। সেটা কি? আঙুলের মুদ্রায় ইংরেজি ‘এ’ অক্ষর দেখালেন। কেন এমন ভঙ্গি? ম্যাচ শেষে বৈভব বলেছেন, ‘এই সেলিব্রেশনটা আমার মায়ের জন্য। মায়ের নাম শুরু ইংরেজির ‘এ’ অক্ষর দিয়ে।’ বৈভবের মায়ের নাম আরতি সূর্যবংশী। ১৫ বছরের তারকা আগেই বলেছিলেন, চার মাস আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বজয় করার হারারের এই মাঠ তাঁর কাছে স্পেশ্যাল। এ দিন সিনিয়র টিমের জার্সি গায়েও ম্যাচে ছাপ রাখলেন বৈভব।
অন্য দিকে, দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটল পেসার মায়াঙ্ক যাদবের (২–১৮)। চোট সমস্যায় দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে বাধ্য হন তিনি। হারারেতে ম্যাচের সেরা মায়াঙ্কই। উইকেট পেয়েছেন প্রিন্স যাদব (২–১৯), শিবম দুবে (১–৩২), রবি বিষ্ণোই (১–২৪)। টি–টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হলেও উইকেট পাননি রাজস্থানের পেসার অশোক শর্মা। ভারতের হয়ে রান পেয়েছেন ঈশান কিষান (৩৫), শ্রেয়স আইয়ার (২৮ নট আউট)। ব্যর্থ ওপেনার অভিষেক শর্মা (১)।
সংক্ষিপ্ত স্কোর: জ়িম্বাবোয়ে ১২৫–৭ (ওয়েসলি ৩৯, মায়াঙ্ক, ২–১৮, প্রিন্স ২–১৯)। ভারত ১২৬–৩ (বৈভব ৫০ নট আউট, ঈশান ৩৫, শ্রেয়স ২৮ নট আউট, ব্লেসিং ২–২৬)।