২০ বছর আগেই মিলেছিল ‘শিক্ষা’, মেসিকে আটকানোর অস্ত্র ম্যান মার্কিং? স্প্যানিশ কোচ বললেন…
আর্জেন্তিনার বিরুদ্ধে যেই দলই খেলতে নামুক না কেন একটা প্রশ্নের সামনে বারবার কোচকে পড়তে হয়। লিওনেল মেসিকে আটকাতে স্ট্র্যাটেজি কী? স্বাভাবিকভাবে কোনও কোচই স্ট্র্যাটেজি শেয়ার করেন না। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে এই প্রশ্ন করা হলে তিনি পুরোনো একটি ঘটনার কথা শেয়ার করেন। তরুণ মেসি কী ভাবে ১৫ মিনিটে ৪ গোল করেছিলেন সেটা জানান। পাশাপাশি এটাও নিশ্চিত করে দেন তিনি মেসিকে ম্যান মার্কিং করবেন না।
সাংবাদিক বৈঠকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ঘটনাটি মেসির পেশাদার কেরিয়ার শুরুর আগের। সে সময় তিনি সেভিয়ার বয়সভিত্তিক (যুব) দলের কোচ ছিলেন। বার্সেলোনার যুব দলের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে তিনি ‘মেসি’ নামের এক বিস্ময় বালকের প্রশংসা শোনেন। মাঠে মেসিকে আটকানোর জন্য দে লা ফুয়েন্তে তাঁর দলের একজন ফুটবলারকে দায়িত্ব দেন মেসিকে ম্যান মার্কিং করার।
পরিকল্পনাটি ম্যাচের প্রথম ৭০ মিনিট পর্যন্ত দারুণ কাজ করেছিল এবং ম্যাচের স্কোরলাইন ছিল ০-০। কিন্তু বিপত্তি ঘটে তখনই। দে লা ফুয়েন্তে জানান, মেসিকে পাহারা দেওয়া সেই ডিফেন্ডারটির একটা হলুদ কার্ড থাকায় তিনি তাঁকে ৭০ মিনিটে তাকে তুলে নেন। আর এটাই ছিল তাঁর ভুল সিদ্ধান্ত।
এর পর দে লা ফুয়েন্তে হাসতে হাসতে বলেন, ‘ডিফেন্ডার তুলে নেওয়ার পর মাত্র ১৫ মিনিটে মেসি আমাদের জালে গুনে গুনে চারটি গোল দিয়ে দিল! ওখান থেকেই ম্যাচ আমাদের হাত থেকে ফসকে যায়।’
পুরোনো সেই তিক্ত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা থেকেই ফাইনালের রণকৌশল সাজাচ্ছেন স্পেন কোচ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘এই গল্প থেকে কী বোঝা গেল? আমরা কি রবিবারের ফাইনালে মেসিকে ম্যান-মার্ক করব? উত্তর হলো—না। কিন্তু আমরা কি তার প্রতি বিশেষ মনোযোগ দেব? উত্তর হলো—হ্যাঁ।’
স্পেন কোচের এই অকপট স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে ফাইনালের আগে প্রতিপক্ষের প্রধান তারকাকে নিয়ে এমন মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে নেটদুনিয়ায় বিতর্কও শুরু হয়েছে। এক্স-এ এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘ফাইনালে যখন তাদের বিরুদ্ধেই খেলতে হবে, তখন কোচের মুখে এমন বন্দনা বোকামি।’ অন্য একজন অবশ্য পাল্টা জবাবে লিখেছেন, ‘যিনি বিশ্বকাপের ফাইনালে ডাগআউটে দাঁড়াবেন, তিনি আপনার চেয়ে ফুটবলটা ভালোই বোঝেন।’
لويس دي لا فوينتي:
سأخبركم بشيء مضحك بالحديث عن ميسي
لقد عرفت ليونيل عندما كنت أدرب إشبيلية للشباب ولعبنا ضد برشلونة
فرضنا عليه رقابة فردية في البداية
في الدقيقة 70، قمت بتبديل من يراقبه
في غضون 15 دقيقة سجل في مرمانا أربعة أهداف ! pic.twitter.com/HFkz3UUMR4
— Mohammed (@M1M6ic) July 17, 2026