১৯ বছর আগে কোলে, আজ বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইয়ে মুখোমুখি! মেসি-ইয়ামালের অবিশ্বাস্য গল্প
একটি ছবির ফ্রেমে শুরু হয়েছিল এক অদ্ভুত গল্প। আর প্রায় দুই দশক পরে সেই গল্পের সবচেয়ে নাটকীয় অধ্যায় লেখা হতে চলেছে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। এ বার ক্যামেরার সামনে নয়, মুখোমুখি লড়াই হবে সবুজ ঘাসের মাঠে— যেখানে এক প্রজন্মের রাজা মেসির সামনে দাঁড়াবেন তাঁর সম্ভাব্য উত্তরসূরি লামিনে ইয়ামাল।
সত্যিই কি মেসির কোলে ছিলেন ইয়ামাল?
হ্যাঁ, ছবিটি একেবারেই সত্যি। ২০০৭ সালের ডিসেম্বরে ইউনিসেফ এবং বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য এই ছবিটি তোলা হয়েছিল। ফটোগ্রাফার জোয়ান মনফোর্ত জানিয়েছেন, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্থানীয় পরিবারগুলোর মধ্যে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেই লটারিতে নির্বাচিত হয়েছিল ইয়ামালের পরিবার। কাকতালীয় ভাবেই কয়েক মাসের ইয়ামালের সঙ্গে ফটোশুটের জন্য জুটি বাঁধেন তখনকার ২০ বছর বয়সি মেসি, যিনি বার্সেলোনার হয়ে ধীরে ধীরে তারকা হয়ে উঠছিলেন। তখন কেউ ভাবতেও পারেননি, মেসির কোলে থাকা সেই শিশুই একদিন বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হয়ে উঠবে।
ছবি তোলার সময় কত বয়স ছিল দু’জনের?
ছবিটি যখন তোলা হয়, তখন মেসির বয়স ছিল ২০ বছর। বার্সেলোনার ভবিষ্যৎ মহাতারকা হিসেবে তখন তাঁর উত্থান শুরু হয়েছে। অন্যদিকে ইয়ামালের বয়স ছিল মাত্র কয়েক মাস। ২০০৭ সালের জুলাইয়ে জন্ম হয়েছিল তাঁর। ফলে ছবিটি তোলার সময় তিনি ছিলেন একেবারে শিশু।