‘রাতে ওর বাবা ফোনটা নিয়ে নিয়েছিল, সেটাই কি মনে…’, কান্নায় ভেঙে পড়লেন নিখোঁজ দময়ন্তীর মা
প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে বাবা ধ্রুবজ্যোতি সেনকে ফোন দিয়ে দেয় দময়ন্তী। অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। প্র্যাকটিস থাকে। বুধবার রাতে ফোন দিতে ভুলে গিয়েছিল দময়ন্তী। মৌমিতার কথায়, ‘ঘুমোতে যাওয়ার আগে ওর বাবা ফোনটা চেয়ে নিয়েছিল।’ সেটাই কি কোথাও কষ্ট দিল সদ্য কৈশোরে পা দেওয়া দময়ন্তীর?
এমনই সন্দেহ মৌমিতার। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের শিক্ষিকা তিনি। ফোনে কান্না ভেজা গলায় এই সময়কে বললেন, ‘মনে হচ্ছে, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নেয়। ও কিন্তু এমনিতে খুব শান্ত।’ দময়ন্তী একটি ইংরেজি মাধ্যমের স্কুলে দশম শ্রেণিতে পড়ে।