বুলেট ট্রেন প্রকল্পে ভারতকে নিশানা জাপানের প্রাক্তন মন্ত্রী, জবাব কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

বুলেট ট্রেন প্রকল্পে ভারতকে নিশানা জাপানের প্রাক্তন মন্ত্রী, জবাব কেন্দ্রের

Spread the love

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে বিলম্বের অভিযোগ তুলেছেন জাপানের প্রাক্তন মন্ত্রী। তবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত-জাপান যৌথ প্রকল্প পরিকল্পনামাফিক এগোচ্ছে।

নয়াদিল্লি: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প (Mumbai-Ahmedabad High Speed Rail) নিয়ে ভারতের বিরুদ্ধে করা মন্তব্যকে সরাসরি খারিজ করে দিল কেন্দ্র সরকার। জাপানের প্রাক্তন বিচারমন্ত্রী হিদেকি মাকিহারা (Hideki Makihara) সম্প্রতি দাবি করেছিলেন, ভারতের কারণে প্রকল্প বাস্তবায়নে বারবার বিলম্ব হয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, তাঁর মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’, যার সঙ্গে প্রকৃত পরিস্থিতির কোনও মিল নেই।

কী অভিযোগ করেছিলেন জাপানের প্রাক্তন মন্ত্রী?

জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP)-র সদস্য হিদেকি মাকিহারা সোশ্যাল মিডিয়ায় লেখেন, মুম্বই-আহমেদাবাদ শিনকানসেন প্রকল্পের আলোচনায় ভারতের ভূমিকা ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’।

তাঁর দাবি, ভারতীয় পক্ষ নাকি প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং বারবার অবস্থান বদল করেছে। এমনকি তিনি অভিযোগ করেন, ভারত সব সময় নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন।

ভারতের কড়া জবাব

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিক বৈঠকে এই অভিযোগ উড়িয়ে দেন।
তিনি বলেন, “আমরা ওই পোস্টটি দেখেছি। এটি একজন ব্যক্তির ব্যক্তিগত মতামত এবং প্রকৃত তথ্যের সঙ্গে এর যথেষ্ট অমিল রয়েছে। মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্প নিয়ে ভারত ও জাপানের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে।”

প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে

রণধীর জয়সওয়াল জানান, জাপানের অত্যাধুনিক E-20 সিরিজের শিনকানসেন ট্রেন এখনও নির্মাণাধীন। তাই সেগুলি ২০৩০-এর দশকের শুরুতে ভারতে আসবে। এর আগে দুই দেশ সম্মত হয়েছে যে, প্রকল্পের প্রথম পর্যায়ে ভারতীয় হাই-স্পিড ট্রেন দিয়েই পরিষেবা শুরু করা হবে। সেই অনুযায়ী সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তিগত প্রস্তুতির কাজ চলছে। বিদেশ মন্ত্রকের দাবি, প্রকল্পের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করা এবং সেই লক্ষ্যেই ভারত ও জাপান একসঙ্গে কাজ করছে।

কবে চালু হবে ভারতের প্রথম বুলেট ট্রেন?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই ঘোষণা করেছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন করিডরের প্রথম পর্যায়ের পরিষেবা ২০২৭ সালের ১৫ আগস্ট থেকে চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথমে সুরাত থেকে বিলিমোরা অংশে ট্রেন চলাচল শুরু হবে। এরপর ধাপে ধাপে পুরো মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডর চালু করা হবে।

ভারত-জাপান যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এবং দুই দেশের সহযোগিতা আগের মতোই দৃঢ় রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *