বিরোধিতায় অনড় কংগ্রেস, ডিলিমিটেশন বিল নিয়ে সংসদে সুর চড়াবে হাত
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের সর্বাত্মক বিরোধিতায় অনড় থাকবে কংগ্রেস— বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে৷ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর নেতৃত্বে আয়োজিত বৈঠকের পরে কংগ্রেসের দাবি, মোদী সরকার কোনও ভাবেই সংসদে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে পারবে না৷ এ দিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আসন পুনর্বিন্যাস ইস্যুতে আগে পৃথক সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছেন৷ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে রবিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকেও কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিরা আসন পুনর্বিন্যাস ইস্যুতে পৃথক সর্বদল বৈঠক ডাকার দাবি জানাবেন বলে সূত্রের দাবি৷ পাশাপাশি বাদল অধিবেশনে অযোধ্যায় রামমন্দিরের প্রণামী চুরি, নিট প্রশ্ন ফাঁস এবং ইথানলের ইস্যুকে হাতিয়ার করেও সরব হবে কংগ্রেস৷ দলীয় সূত্রের দাবি, রামমন্দিরের প্রণামী চুরির ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, এই দাবি সংসদের উভয় কক্ষেই তুলবে তারা৷