‘ডেটা গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক’ চালুর প্রস্তাব শীর্ষ ব্যাঙ্কের
এই সময়: ব্যাঙ্কিং ও আর্থিক ব্যবস্থায় তথ্য বা ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করতে চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এর অংশ হিসেবে দেশের ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (এনবিএফসি) এবং অন্যান্য নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি বিস্তারিত ‘ডেটা গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক’ চালুর প্রস্তাব দিয়েছে শীর্ষ ব্যাঙ্কটি। খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমান সময়ে ডেটা শুধুমাত্র একটি প্রযুক্তিগত সম্পদ নয়, বরং প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ব্যবসা পরিচালনা, গ্রাহক পরিষেবা, ফিনানশিয়াল রিপোর্ট, নিয়ন্ত্রক বিধি মনে চলা, রিস্ক ম্যানেজমেন্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা—সব ক্ষেত্রেই ডেটার ভূমিকা ক্রমশ বাড়ছে। তাই তথ্যের গুণগত মান, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তুলতে হবে।