চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ
শিশুর পরিবার সূত্রের খবর, ঘাটাল থানার চন্দননগর গ্রামের বাসিন্দা অমিত সিং ও শম্পা সিং। তাঁদের দেড় বছরের মেয়ে সঞ্চিতার ঠান্ডা লাগা, জ্বল ও শ্বাসকষ্ট বচ্ছিল। তা নিয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা দেখে ভর্তি করার কথা বলেন। অভিযোগ, হাসপাতালে ভর্তির পরে জরুরি বিভাগে কোনও চিকিৎসক ছিলেন না। হাসপাতালে ভর্তির পরেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এমন সময়ে জরুরি বিভাগে কর্তব্যরত নার্সকে শিশুটির শারীরিক অবনতির বিষয়ে একাধিক বার জানানো সত্ত্বেও কেউ কোনও আমল দেয়নি বলে অভিযোগ শিশুর বাবা-মার। মৃত শিশুর বাবা মায়ের অভিযোগ, মেয়ের শারীরিক অবনতি হওয়া সত্ত্বেও কোনও চিকিৎসা মেলেনি। যার কারণে ভর্তির ঘণ্টা দু’য়েকের মধ্যে তাঁদের সন্তান মারা যায় বলে দাবি অমিত ও শম্পার। শিশুটির কোনও সাড়া না পেয়ে চিকিৎসককে ডাকা হয়। তিনি শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। এরপরেই হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা-মা–সহ পরিবারের অন্যরা। হাসপাতালের নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে কাজে অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।