Murshidabad Rail Accident: ওদের চোখের সামনে রেললাইনের উপর পুলকারটা ৫০ ফুট হিঁচড়ে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন, কীভাবে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা | Murshidabad Rail Accident: how the train hits the pool car after rail gate removed
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যImage Credit: TV9 Bangla
বহরমপুর: কার গাফিলতি, কার ভুলে মুর্শিদাবাদের ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্তে উঠে আসবে। তবে সকাল সাড়ে ৬টায় সবার চোখের সামনে নিমেষের মধ্যে যা ঘটে গেল, তাতে শিউরে উঠছেন গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। চোখের সামনে একাধিক পড়ুয়ার মৃত্যু। রেল লাইনের উপর পুলকার টেনে-হিঁচড়ে নিয়ে গেল চলন্ত ট্রেন।
শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে রেল লাইনের উপর পুলকারে ধাক্কা মারে চলন্ত ট্রেন। এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে নবদ্বীপ লাইনের একটি আপ ট্রেন ওই লাইন দিয়েই বেরিয়ে যায়। তখনও রেল গেট ফেলা ছিল। ট্রেন বেরিয়ে যাওয়ার পর রেল গেটটি তুলে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিকভাবেই আটকে থাকা গাড়িগুলি চলতে শুরু করে। রেল লাইন পার হচ্ছিল পুলকারটি। পার হচ্ছিলেন এক সাইকেল আরোহীও।
ঠিক সেই সময় আবারও রেল গেট ফেলে দেওয়া হয়। ফলে পুলকার ও ওই সাইকেল আরোহী বেরতে পারেনি। আর ঠিক সেইসময় উল্টোদিক থেকে চলে আসে নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন। পুলকারটিকে হিঁচড়ে প্রায় ৫০ ফুট নিয়ে যায় ওই ট্রেন। সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে জায়গায় দুমড়ে মুচড়ে যাওয়া পুলকারটি পড়ে রয়েছে, সেটি রেলগেট থেকে প্রায় ৫০ ফুট দূরে।
ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।