Lionel Messi and Lamine Yamal : মেসির কোলে শিশু লামিন ইয়ামাল, বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎ চর্চায় ১৯ বছর আগের পুরনো ছবি! | From Messi’s Bathtub Photo to World Cup Final: Lamine Yamal’s Incredible Journey
লামিন ইয়ামাল। তখন ও এখন।Image Credit: Getty Images
আটলান্টা: পুঁচকে লামিন ইয়ামালকে বাথটাবে স্নান করাচ্ছেন লিওনেল মেসি। এলএম টেনের মুখে লেগে লাজুক হাসি। ২০০৭ সালে ন্যু ক্যাম্পে একটি ফটো শুটে ইয়ামালকে স্নান করান মেসি। সেই সময় একটি চ্যারিটি অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিল বার্সেলোনা। ১৯ বছর আগে বাথটাবে স্নান করানো সেই পুঁচকে ছেলেই রবিবারের বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কও হয়তো কখনও ভাবেননি এই দিনটি আসতে চলেছে।
২০০৭ সালে বার্সেলোনা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ন্যু ক্যাম্পের ড্রেসিংরুমে এই ফটোশুটের আয়োজন করা হয়। ইউনিসেফ আয়োজিত একটি লটারির মাধ্যমে ফটোশুটের জন্য বিজয়ী হয়েছিল ইয়ামালের পরিবার। ভাবেননি হয়ত ইয়ামালের পরিবারও। যে লোকটা তাঁদের ছেলেকে স্নান করাচ্ছে, আগামী দুই দশকের মধ্যে সেই লোকটার ক্লাবেই ফুটবল খেলবে তাঁদের সন্তান, মুখোমুখি হবে তাঁর, তাও আবার বিশ্বকাপ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে। ফটোশুটের সময় লাজুক মেসি প্রথমে বুঝতেই পারছিলেন না ওই ছোট্ট শিশুকে কিভাবে কোলে নেবেন। ইয়ামালের মায়ের সহযোগিতায় পুরো বিষয়টি স্বাভাবিক হয়। পুচকে ইয়ামালকে অত্যন্ত স্নেহের সঙ্গে স্নান করান মেসি। উল্লেখ্য, বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে উত্থান হয়েছিল লিও মেসির। আবার সেই একই অ্যাকাডেমি থেকে বিশ্বমঞ্চে নিজের পরিচিতি বানিয়েছেন ইয়ামালও।
২০২৪ সালে ইউরো কাপের সময় লামিন ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মেসির প্রাক্তন ফুটবল ক্লাব বার্সেলোনায় এখন খেলেন লামিন ইয়ামাল। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছেন সদ্য ১৯ বছরে পা দেওয়া এই তরুণ। সেমিফাইনালে তাঁর দেশ স্পেন ২-০ হারায় ফ্রান্সকে। আবার ইংল্যান্ডকে গত রাতে ২-১ হারিয়ে পরপর দুইবার বিশ্বকাপের ফাইনালে গেল আর্জেন্টিনাও। এর ফলে না হওয়া ফাইনালিসিমা অবশেষে হতে চলেছে। রবি রাতে মেসি-ইয়ামাল দ্বৈরথের আগে এই পুরনো ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।