ভিটামিন সি সিরামের শিশি সব সময়ে গাঢ় রঙেরই কেন হয়?
যখন সিরামের রমরমা শুরু হয়েছিল, ভিটামিন সি-ই ছিল প্রথম স্থানে। এখনও বহু মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই ভিটামিন সি। দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে ভিটামিন সি সিরামের জুড়ি মেলা ভার। কিন্তু এই প্রসাধনী সব সময়ে গাঢ় রঙের শিশিতেই কেন পাওয়া যায়, জানেন? এটা শুধুই প্যাকেজিং আকর্ষণীয় করার জন্য করা হয় নাকি রয়েছে অন্য কোনও কারণ?
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি সিরামের প্রধান শত্রু হলো আলো। সূর্যের আলো বা যে কোনও ধরনের আলোর সংস্পর্শে এলেই ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। বাইরের আলো যদি ভিটামিন সি-এর সংস্পর্শে আসে তা হলে সিরামের অক্সিডেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এতে সিরাম দ্রুত নষ্ট হয়ে যায়। যে সব ভিটামিন সি সিরামে L-Ascorbic অ্যাসিড রয়েছে, সেগুলো আলো-বাতাসের সংস্পর্শে এলেই কার্যকারিতা কমে যায়। তবে এটা যে শুধুই ভিটামিন সি-এর ক্ষেত্রে এমনটা নয়। রেটিনল, কপার পেপটাইডের মতো সিরামও আলোর সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়।