Crude Oil Price Hike: আরও ৪ শতাংশ বাড়ল অপরিশোধিত তেলের দাম, এবার পেট্রোল-ডিজেলের দামও কি বাড়বে? | Crude Oil Jumps 4 percent Amid Iran US Conflict, Will Petrol and Diesel Prices Rise in India?
নয়া দিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। মাস খানেক আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না। ইরান-আমেরিকা (Iran-US) যুদ্ধবিরতি চুক্তি সই করার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম (Oil Price Surge) কমতে শুরু করেছিল। জ্বালানি সরবরাহও স্বাভাবিক হতে শুরু করেছিল। পরিস্থিতি এমন থাকলে অর্থাৎ অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে আগামী দিনে পেট্রোল-ডিজ়েলের দামও (Petrol-Diesel Price) কমতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। কিন্তু, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। তাহলে কি এবার পেট্রোল-ডিজ়েলের দামও বাড়বে?
অপরিশোধিত তেলের দাম কত বাড়ল?
মঙ্গলবার, এক ধাক্কায় চার শতাংশ বাড়ল অপরিশোধিত তেলের দাম। সেক্ষেত্রে, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে হয়েছে ৭৯.১ ডলার। আন্তর্জাতিক বাজারে উত্তরোত্তর তেলের দাম বাড়তে থাকলে দেশেও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
পেট্রোল-ডিজ়েলের দাম কি বাড়বে?
এদিকে হরমুজে বাণিজ্যিক জাহাজ প্রতি ২০ শতাংশ কর চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ দিয়ে যে কোনও জাহাজ গেলেই, কর দিতে হবে ২০ শতাংশ। এই ব্যবস্থা লাগু হলে হরমুজে জাহাজ পরিবহন খরচ বাড়বে। স্বাভাবিকভাবেই সেই প্রভাব পড়বে পণ্য এবং জ্বালানির দামে।
এর আগে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, দুই মাস আগে যে ক্রুড পেট্রোলিয়াম কেনা হয়েছিল (তখন চড়া দাম ছিল), সেই স্টক এখনও ব্যবহার করা হচ্ছে। যদি এভাবেই দুই-তিন মাস দাম কমতে থাকে, তাহলে পেট্রোল-ডিজ়েলের দাম নিয়ন্ত্রণে আনার বিষয়ে চিন্তাভাবনা করবে সরকার। কিন্তু, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ফের আন্তর্জাতিক তেলের দাম বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে, জ্বালানির দাম বাড়তে পারে। তবে ভারতে এখনই পেট্রোল-ডিজেলের দাম বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার।