Brendon McCullum: টানা ব্যর্থতার জেরে বরখাস্ত ম্যাককুলাম, ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ কে? | Bazball Era Officially Ends as Brendon McCullum Sacked as England Test Coach
ব্রেন্ডন ম্যাককুলামImage Credit: Getty Images
কলকাতা : ইংল্যান্ড ক্রিকেটে (England Cricket) পরিবর্তন। টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রেন্ডন ম্যাককুলামকে (Brendon McCullum)। এর ফলে আনুষ্ঠানিকভাবে শেষ হল ইংল্যান্ডের ‘বাজবল’ যুগ। মাত্র দুই সপ্তাহ আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। এবার ম্যাককুলামের বিদায়ের ফলে বড় ধাক্কা খেল ইংল্যান্ডের টেস্ট দল, মনে করছে বিশেষজ্ঞমহল।
তবে ম্যাককুলাম সম্পূর্ণ ভাবে কোচের পদ ছাড়ছেন না। তাঁকে শুধুমাত্র টেস্ট দলের কোচের পদ থেকে সরানো হয়েছে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে টেস্টে খারাপ ফল ও মাঠের বাইরের একাধিক বিতর্কের জেরেই তাঁকে টেস্ট দলের কোচের পদ থেকে সরানো হয়েছে। এই দলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই ম্যাককুলামকে সরিয়েছে ইসিবি।
পদ ছাড়ার পর এই প্রাক্তন কিউয়ি ব্যাটার জানিয়েছেন,”টেস্ট দলের কোচিং করার সময় আমি উপভোগ করেছি। আমরা একসঙ্গে যা যা পেয়েছি, অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। অনেক অসাধারণ মুহূর্ত এসেছে, অনেক খারাপ দিনও এসেছে। তবে এইরকম দলের হয়ে চ্যালেঞ্জ নিলে এরকম কঠিন দিন থাকবেই। আমি অবশ্যই হতাশ যে, টেস্ট দলের সঙ্গে আর কাজ চালিয়ে যেতে পারছি না। কিন্তু আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের দিকে, যাতে তাদের আরও এগিয়ে নিয়ে যেতে পারি।”
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে একদমই ছন্দে নেই ইংল্যান্ড। শেষ ৯টি টেস্টের মধ্যে ৭টি টেস্টেই হেরেছে ইংল্যান্ড। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছেন স্টোকসরা। এমনকি অ্যাশেজ ভরাডুবির পরেও ম্যাককুলাম, স্টোকস ও ক্রিকেট ডিরেক্টর রব কি-র উপর ভরসা রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আবার ঘরের মাঠেও নিউজিল্যান্ডের কাছে ২-১ হেরেছে ইংল্যান্ড।
ম্যাককুলাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ৪৯ টেস্টে ২৭টি জিতেছে ইংল্যান্ড, হেরেছে ২০টি টেস্টে ও ড্র হয়েছে ২টি টেস্ট। আগামী ১৯ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে হবে ইংল্যান্ডকে। নতুন টেস্ট অধিনায়ক হিসেবে এগিয়ে রয়েছেন হ্যারি ব্রুক। তবে নতুন প্রধান কোচ কে হবেন, সেই বিষয়েই চিন্তিত ব্রিটিশ শিবির।