পাশেই আছেন, কর্মীদের বার্তা দিলেন কল্যাণ
এই সময়, বর্ধমান: দলীয় প্রতীক নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। ২১ জুলাই শহিদ দিবস পালন কী ভাবে কোথায় হবে, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সেই আবহে শনিবার কালীবাজার জেলা পার্টি অফিসে হাতে গোনা তৃণমূল কর্মীদের নিয়ে সভা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দেন, যাঁরা এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাঁরা সঙ্গে রয়েছেন। এঁরাই তৃণমূলের আসল শক্তি। আগামিদিনে এঁদের মধ্যে থেকেই নেতা নির্বাচন করে দল তার কাজ করবে।