বিদ্যুৎ গ্রিডের নিরাপত্তা জোরদারে ভুবনেশ্বরে কর্মশালা CEA-POWERGRID-এর, সামিল হলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা | Regional level Conference conducted in Bhubaneswar in collaboration with POWERGRID over CEA Regulations - 24 Ghanta Bangla News
Home

বিদ্যুৎ গ্রিডের নিরাপত্তা জোরদারে ভুবনেশ্বরে কর্মশালা CEA-POWERGRID-এর, সামিল হলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা | Regional level Conference conducted in Bhubaneswar in collaboration with POWERGRID over CEA Regulations

Spread the love

বিদ্যুতের সুরক্ষা নিয়ে ওয়ার্কশপ।Image Credit: TV9 বাংলা

ভুবনেশ্বর: দেশের বিদ্যুৎ ব্যবস্থা ও পরিকাঠামোকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক করে তুলতে ওড়িশার ভুবনেশ্বরে আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA)-এর প্রযুক্তিগত মান (Technical Standards) সংক্রান্ত একটি আঞ্চলিক সম্মেলন ও কর্মশালার (Workshop)। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) এবং পাওয়ারগ্রিড (POWERGRID)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যুৎ সংস্থার প্রায় ৮০ থেকে ১০০ জন শীর্ষ আধিকারিক, বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটি (ERPC), ইস্টার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার (ERLDC), পাওয়ারগ্রিড (POWERGRID), এনটিপিসি (NTPC), ওপিটিসিএল (OPTCL), ওপিজিসি (OPGC), টিপিসিওডিএল (TPCODL), টিপিএসওডিএল (TPSODL), টিপিএনওডিএল (TPNODL)-সহ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যুৎ সংস্থা, স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা (IPP) এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের সদস্য (থার্মাল) (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন) তথা ভারত সরকারের অতিরিক্ত সচিব প্রবীণ গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইআরপিসি (ERPC)-র সদস্য-সচিব কে.বি.জগতাপ, ওড়িশা এসএলডিসি (SLDC)-র ডিরেক্টর বি.বি. মেহতা, সিইএ (CEA)-র চিফ ইঞ্জিনিয়ার টি. ভেঙ্কটেশ্বরলু ও এল. কে. এস. রাঠোর, পাওয়ারগ্রিড (POWERGRID)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আদিশ কুমার গুপ্ত এবং সিজিএম শ্রুতি মিশ্র-সহ একাধিক বিশিষ্ট আধিকারিকরা।

অনুষ্ঠানের শুরুতে পাওয়ারগ্রিড (POWERGRID)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আদিশ কুমার গুপ্ত কর্মশালার আয়োজনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন যে এই ওয়ার্কশপ বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থার মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

প্রধান অতিথি প্রবীণ গুপ্ত বলেন, CEA-র বিভিন্ন নিয়ম ও প্রযুক্তিগত মানের মূল উদ্দেশ্য হল দেশের বিদ্যুৎ গ্রিডকে নিরাপদ, নির্ভরযোগ্য এবং আরও দক্ষ করে তোলা। তিনি অংশগ্রহণকারীদের এই কর্মশালাকে কাজে লাগিয়ে CEA-র নিয়ম সম্পর্কে আরও ভালোভাবে জানার আহ্বান জানান। পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা ও মতামত CEA-র সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ করেন, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ খাতকে আরও উন্নত করা যায়।

ERPC-র সদস্য-সচিব কে. বি. জগতাপ বলেন, বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং গ্রিডের সুষ্ঠু পরিচালনায় CEA-র নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

CEA-র চিফ ইঞ্জিনিয়ার টি. ভেঙ্কটেশ্বরলু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রযুক্তিগত মান, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের  পরিচালনা, নিরাপত্তা অডিট (Safety Audit) এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরেন সকলের সামনে।

CEA-র চিফ ইঞ্জিনিয়ার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) এল. কে. এস. রাঠোর বলেন যে বিদ্যুৎ গ্রিডের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিকে আরও ভালোভাবে গ্রিডে যুক্ত করতে CEA-র প্রযুক্তিগত মান কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি।

পাওয়ারগ্রিডের প্রতিনিধি আদিশ কুমার গুপ্ত বলেন, “বর্তমান সময়ে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ থেকে শুরু করে সাধারণ গ্রাহক বা পর্যায় পর্যন্ত সর্বত্র CEA-র নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়।”

কর্মশালার বিভিন্ন প্রযুক্তিগত অধিবেশনে বিদ্যুৎ খাতে CEA-র নিয়মের গুরুত্ব, সাইবার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা ও খসড়া বিধি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের প্রযুক্তিগত মান, বৈদ্যুতিক লাইন ও সাব-স্টেশন নির্মাণের নিয়ম নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি ২০২৩ সালের নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ বিধি, মিটার স্থাপন ও পরিচালনার নিয়ম, গ্রিড সংযোগের প্রযুক্তিগত মান, গ্রিড স্ট্যান্ডার্ড, বিতরণভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সংযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার যোগাযোগ পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ সঞ্চালন খাতে সেরা নিয়ন্ত্রক পদ্ধতি নিয়েও মতবিনিময় করা হয়।

কর্মশালার শেষে প্রশ্নোত্তর ও মতামত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপ্তিতে CEA-র ডেপুটি ডিরেক্টর শরদ চন্দ্র ভূপেশ সফলভাবে কর্মশালা আয়োজনের জন্য POWERGRID-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই কর্মশালা বিদ্যুৎ খাতে CEA-র নিয়ম ও প্রযুক্তিগত মান সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *