Nandigram: নন্দীগ্রামে আরও একটি গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া পতাকা, কী বলছে বিজেপি? | Nandigram: BJP Captures Samsabad Gram Panchayat from TMC
নন্দীগ্রামে পঞ্চায়েত দখল করল বিজেপিImage Credit: TV9 Bangla
নন্দীগ্রাম: রাজ্যে পালাবদল হয়েছে। আর হাইভোল্টেজ নন্দীগ্রামে হেরেছে তৃণমূল। বিধানসভায় তৃণমূল পর্যুদস্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে একের পর এক পঞ্চায়েত হাত বদল হচ্ছে। নন্দীগ্রামেও উড়ছে গেরুয়া পতাকা। নন্দীগ্রামে আরও একটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হল। সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। হলদি নদীর পাড়ে উড়ল গেরুয়া আবির।
রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখলে আসছে গেরুয়া শিবিরের। পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান সহ অন্যরা ইস্তফা দেওয়ায় এবং বর্তমান শাসকদলকে সমর্থন করায় একের পর এক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির ক্ষমতা আসছে বিজেপি। এবার নন্দীগ্রাম-১ ব্লকের সামসাবাদ ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিল গেরুয়া শিবির।
এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮টি। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৩টি এবং ৫ টি বিজেপি পেয়েছিল। তৃণমূলের প্রধান ছিলেন শেখ আব্দুল মামান। এদিনের সভায় ছিলেন তৃণমূলের ৮ জন, বিজেপির ৫ জন। ৫ তৃণমূল সদস্য অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রধান হিসেবে এদিন দায়িত্ব গ্রহণ করেন প্রদীপ পট্টনায়ক। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতেই নতুন প্রধান হন প্রদীপ। আগেই প্রধান শেখ আব্দুল মান্নান সহ কয়েকজন ইস্তফা দিয়েছিলেন। আর সেই কারণে এদিন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রদীপ পট্টনায়ককে প্রধানের দায়িত্ব দেওয়া হয়।
উলেখ্য, গত বুধবার নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি -১ গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান ও উপপ্রধান দায়িত্ব গ্রহণ করেন। তার একদিন পর এবার নন্দীগ্রাম-১ ব্লকের সামসাবাদ-৭ গ্রাম পঞ্চায়েতে প্রধানের দায়িত্বে এলেন বিজেপির প্রদীপ পট্টনায়ক। বিজেপি প্রধান হওয়ার পর গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। আগামিদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়ন ঘটবে বলে জানান নব নির্বাচিত প্রধান প্রদীপ পট্টনায়ক।
বিজেপির নন্দীগ্রাম মণ্ডল দুইয়ের সভাপতি সুদীপ দাস বলেন, “পূর্ববর্তী প্রধান এত দুর্নীতি করেছেন যে ভয়ে পদত্যাগ করেছেন। লুকিয়ে পড়েছেন। প্রদীপ পট্টনায়েক প্রধান হয়েছেন। প্রথমবার এখানে বিজেপি প্রধান হলেন। উন্নয়নের সুবিধা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে।”