চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত তৃণমূল নেতা - 24 Ghanta Bangla News
Home

চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত তৃণমূল নেতা

Spread the love

এই সময় কাঁথি ও তমলুক: চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। মৎস্যদপ্তরে চাকরি দেওয়ার নামে একজনের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে কাঁথি মৎস্যজীবী ইউনিয়নের চেয়ারম্যান ও তৃণমূল নেতা আমিন সোহেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আবার প্রাথমিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে। সবাই এখন পুলিশের জালে।

আমিনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ। তাঁকে এ দিন আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। অভিযোগ ২০২৩-এ গৌরাঙ্গ হাজরা নামের এক ব্যক্তির কাছ থেকে মৎস্যদপ্তরে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেন আমিন।

কিন্তু চাকরি না পাওয়ায় কিছুদিন পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গৌরাঙ্গ টাকা ফেরত চান। কিন্তু বারবার বলার পরেও টাকা না পেয়ে জুনপুট কোস্টাল থানায় লিখিত অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের তদন্তে নেমে মঙ্গলবার সকালে আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও আমিনের দাবি, ‘মিথ্যা অভিযোগ। আমি রাজনীতি করি। রাজনীতিতে পুলিশ, কেস-কাছারি স্বাভাবিক ব্যাপার।’

স্থানীয় বিজেপি নেতা তথা কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান বলেন, ‘বিজেপি কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। উনি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছিলেন। প্রতারিতরা পুলিশে অভিযোগ জানিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। পুলিশ তদন্ত করছে। আইন আইনের পথে চলবে।’

প্রাথমিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ময়নার কয়েক জনের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নেমে উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে ময়নার বাসিন্দা তপন সাহাকে ধরে পুলিশ। তাঁর আগেই অবশ্য আরও দুই অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না থানার মথুরাপুর গ্রামের এক বাসিন্দার কাছ থেকে ২০১৭য় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১৪ লক্ষ টাকারও বেশি নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি দূরের কথা, টাকা ফেরতের দাবি জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ।

গত ১৭ জুন ময়না থানায় লিখিত অভিযোগ করেন প্রতারিত ব্যক্তি। তদন্ত শুরু করে পুলিশ। ময়নার বাসিন্দা জয়ন্ত কুমার মাইতি এবং নন্দকুমার থানার বাসিন্দা সত্যেশ্বর ঘোড়াই পুলিশের হাতে গ্রেপ্তার হন। তদন্তের সূত্র ধরেই গত ৫ জুলাই নৈহাটি থেকে তপনকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই প্রতারণাচক্রে আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *