সালাহ্‌ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের - 24 Ghanta Bangla News
Home

সালাহ্‌ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের

Spread the love

সব্যসাচী সরকার, মায়ামি

হোয়াটসঅ্যাপে ভেসে এল আজের্ন্তিনার সাংবাদিক আন্তোনিওর বার্তা, ‘মোটেই আমরা ফেভারিট নই। স্কালোনি জানেই না, ডিফেন্সটা নিয়ে কী করবে। সালাহ্‌ আর ওমর মারমুশ, এই দু’জনই তছনছ করে দিতে পারে।’

আন্তোনিও তো বটেই, বুয়েনস আইরেসের যে কোনও মহল্লার একটা শিশুও জানে, কেপ ভের্দে ম্যাচের পরে নীল-সাদা জার্সির আতঙ্ক বলতে নড়বড়ে ডিফেন্স। রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেস বিশ্বসেরা সেন্টার ব্যাকদের অন্যতম হলে কী হবে, বিশ্ব র‍্যঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভের্দে যে ভাবে দু’জনকে আগের ম্যাচে নাকানিচোবানি খাইয়েছিল, তাতে স্কালোনির শান্তিতে ঘুমোনোর কথা নয়। মায়ামিতেই মেসির আস্তানা, অসংখ্য আজের্ন্তিনীয় এখানে থাকেন। তিনি এখানে ঈশ্বর। আজের্ন্তিনার পাশাপাশি সব জায়গায় চোখে পড়বে ইন্তার মায়ামির বেবি পিঙ্ক জার্সিও।

বিখ্যাত সমু্দ্রসৈকতে ফিফার ফ্যান পার্কে বসেছে জায়ান্ট স্ক্রিন, বিচে বসেই ম্যাচ দেখবেন হাজার হাজার আর্জেন্তিনীয়। ফ্যান পার্কে প্রায় সর্বত্র নীল-সাদা পতাকা, মিউজি়ক সিস্টেমে বাজছে টিমের থিমসং, ‘মুচাচোস।’ ব্রাজি়লের বিদায় নিয়ে গড়পড়তা আজের্ন্তিনীয় খুব বেশি আলোড়িত বলে মনে হচ্ছে না। সে জন্যই আন্তোনিও বলছেন, ‘ব্রাজি়ল এখন বিশ্বকাপে পাস্ট টেন্স। ওদের নিয়ে আমরা ভাবব কেন? ইজিপ্টকে কী করে সামলানো যায়, সেটাই ভাবছে সবাই।’

দক্ষিণ আমেরিকার টিম ব্রাজি়ল ও মধ্য আমেরিকার মেক্সিকোর ছুটি করে দিয়েছে ইউরোপের নরওয়ে আর ইংল্যান্ড। আপাতত লাতিন আমেরিকার টিম বলতে বিশ্বকাপে বেঁচে মেসির আর্জেন্তিনা আর হামেস রদ্রিগেস–লুইস দিয়াসদের কলম্বিয়া।

আটলান্টায় আজ মেসিদের প্রতিপক্ষ মো সালাহ্‌–র মিশর। মেসি বিশ্ব ফুটবলের মহাতারকা ঠিকই, কিন্তু আফ্রিকার প্রতিনিধি হিসেবে একক কৃতিত্বে যদি কেউ ইউরোপ জয় করে থাকেন, তিনি মোহাম্মদ সালাহ্‌। দু’জনের খেলার স্টাইল আলাদা। লো সেন্টার অফ গ্র্যাভিটি, ক্ষুদ্রতম জায়গাতেও অত্যাশ্চর্য কন্ট্রোল, অপ্রত্যাশিত টার্ন বা স্কিল যদি মেসির চিরকালীন অস্ত্র হয়, সালাহ্‌–র স্টাইলের বিশেষত্ব চকিতে চমক, যখন-তখন অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন, যা ইংলিশ প্রিমিয়ার লিগে এক দশকের উপরে বিশ্বের তাবড় তাবড় ডিফেন্ডারদের ভুগিয়ে এসেছে।

লিভারপুল গত মে মাসে ছেড়েছেন, কিন্তু তিনিই প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সর্বকালের টপ স্কোরার। মিশরীয়রা সালাহ্‌-কে ডাকেন ‘আল-ফিরন’ নামে, মানে ফারাও। কেউ কেউ আবার বলেন ‘ফোর্থ পিরামিড’, যা একটা সৌধ বা স্তম্ভ, যাকে নড়ানো যায় না, যা চিরকালীন। আটলান্টার স্টেডিয়ামে আফ্রিকার সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই আজ ১০ নম্বর জার্সিতে নামবেন সালাহ্‌, তাঁর কাঁধে থাকবে বিশ্বকাপ নক আউটে বিশ্বসেরাদের সামনে কিছু করে দেখানোর দায়িত্ব। নিউ জি়ল্যান্ডকে ৩-১ হারালেও গ্রুপে বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করেছিল মিশর, তার পরে নক আউটে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ ষোলোয়। কোনও দিনই বিশ্বকাপে কোনও লাতিন আমেরিকার টিমকে হারায়নি মিশর।

কোচ হোসাম হাসান টিম সাজাবেন ৪-২-৩-১ ছকে। ডাবল পিভট হিসেবে মেসিকে সামলানোর দায়িত্ব থাকবে দুই মিডফিল্ডার লাসিন আর আতেয়ার উপরে। কিন্তু তাঁর আসল অস্ত্র সালাহ্‌ আর ওমর মারমুশ জুটি। দু’জনেই আপফ্রন্টে সৃষ্টিশীল, সামান্যতম জায়গা পেলে কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী। ওই জায়গা যে আর্জেন্তিনা ডিফেন্সে পাওয়া যায়, দেখিয়েছিল কেপ ভের্দে।

এখানেই আর্জেন্তিনার ডিফেন্সের বড় পরীক্ষা আটলান্টায়। ৪-৪-২ ছকেই খেলার কথা স্কালোনির। মোলিনা আর তাগলিয়াফিকো দুই সাইড ব্যাক, সেন্টার ব্যাক রোমেরো আর লিসান্দ্রো মাতির্নেস। মিডফিল্ডে ম্যাকঅ্যালিস্টার, দে পল, লিসান্দ্রো পারেদেস আর এন্‌সো ফের্নান্দেস। উপরে মেসির সঙ্গে লাউতারো বা আলবারেস।

মিডফিল্ড যদি এন্‌সো ফের্নান্দেস–দে পলরা নিয়ন্ত্রণে রাখতে পারেন, মেসির দিকে বল যাবে। সব ম্যাচে মেসি গোল করছেন ঠিক, কিন্তু তার পিছনে পরোক্ষে বড় ভূমিকা থাকছে লাউতারো মার্তিনেসের। তিনি বিপক্ষের স্টপারদের ক্রমাগত চাপে রাখছেন বলে মেসি প্রায়ই ফাঁকা জায়গা পাচ্ছেন। সেটা আটকাতেই মেসির জন্য ডাবল কভারিং থাকবে। এখানে স্কালোনিকে ঠিক করতে হবে, স্ট্রাইকার হিসেবে কে হবেন মেসির দোসর। লাউতারো, না আলবারেস। স্কালোনি নিজে বলছেন, ‘কঠিন সিদ্ধান্ত। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।’

ঘুরে-ফিরে এই ম্যাচের ফোকাসে অবশ্যই মেসি আর সালাহ্‌। দুই দশ নম্বর, দুই কিংবদন্তি। কে হাসিমুখে মাঠ ছাড়বেন, সবুজ মাঠ আর সময়ই বলে দেবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *