বারুইপুর কাণ্ড: রাজ্যের বেআইনি মদের ঠেক ভেঙে ফেলা হবে, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
মঙ্গলবার সকালে বারুইপুরের নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন অগ্নিমিত্রা। পরে মন্ত্রী বলেন, ‘মেয়েটির বাবা নিজেই বলেছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ ভরসা রাখছেন। মুখ্যমন্ত্রী বারবার ফোন করে খোঁজ নিয়েছেন। আইজি, এসপি-সহ প্রশাসনের আধিকারিকরাও নিয়মিত যোগাযোগ রেখেছেন।’ নারী নির্যাতনের ঘটনায় সরকার জ়িরো টলারেন্স নীতি নিয়েই চলবে জানিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘আগের সরকারও জ়িরো টলারেন্সের কথা বলেছিল। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। শুভেন্দু অধিকারীর সরকার কাজে দেখিয়ে দিয়েছে। মূল অভিযুক্ত-সহ প্রায় সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। একজন এখনও পলাতক। শুভেন্দু অধিকারীর সরকারের নীতি হলো—মহিলাদের বিরুদ্ধে হোক বা অন্য কোনও ধরনের নৃশংসতা, যে কোনও অত্যাচারের বিরুদ্ধেই জ়িরো টলারেন্স।’