‘আমার মা এক শাড়িতে বহু বছর কাটিয়ে দিয়েছিল’, কেন বললেন জীতু | Criticism over clothing on social media what did Jeetu Kamal say in response
অভিনেতা জীতু কমল সম্প্রতি কিছু ছবি দিয়েছিলেন সমাজ মাধ্যমে। তা দেখে একজন লিখেছেন, ”একই শার্ট-প্যান্ট পরতে-পরতে রং চটে গিয়েছে! একটু নিজের মধ্যে নতুন পোশাক কেনার আগ্রহ আনো। কোনও রুচি নেই তোমার। অন্যরা কত স্টাইলিশ, তোমার বয়সী অভিনেতারা। আর পুরো ইন্টাস্ট্রিতে তোমার কোনও শখ নেই নতুন পোশাকের প্রতি, পেশাদার ফোটোশুটের প্রতি।”
এমন মন্তব্যের উত্তর না-ও দিতে পারতেন অভিনেতা জীতু কমল। সমাজ মাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। তাঁরা বিভিন্ন সময়ে নিজেদের মত প্রকাশ করতে থাকেন। তবে এই কথা শুনে যে জবাব দিয়েছেন জীতু, তা নায়কের অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। জীতু লিখেছেন, ”আমি আপনাকে ম্যাম বলবো না স্যার, সেটা জানি না। রুচি কাপড়ে থাকে না, রুচি থাকে মনে। জানেন, আমার মা এক শাড়িতে বহু বছর কাটিয়ে দিয়েছিল, সেই পরিবারেই আমার বড় হওয়া।
অভিনয়ের জন্য রুচি পরিবর্তন যখন দরকার হয়, তখন করি। অভিনেতা মানেই তো প্রত্যেকদিন নতুন পোশাক পরে নতুনভাবে জেল্লা দিয়ে বেরোতে হবে, তার তো কোনও মানে নেই বলুন। যা আমার সাধে কুলোয় সেটাই আমি পরি। বস্ত্র পরি লজ্জা নিবারণের জন্য। খাওয়াদাওয়া করি ক্ষুধা নিবারণের জন্য। যা পাচ্ছি তার জন্য ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ। আর প্রত্যেকদিন যদি আমি পোশাক পরিবর্তন করি, তা হলে তো আপনি আমার দিক থেকে চোখ ফেরাতে পারবেন না। কারণ আই অ্যাম দ্য বেস্ট। একটা ভালো ডিপি দেবেন কেমন।”