Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাসের ডিভোর্স? বিয়ের ৮ বছর পর সবটা সামনে আনলেন দেশিগার্ল | Priyanka chopra addresses divorce rumors with nick jonas variety interview - 24 Ghanta Bangla News
Home

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাসের ডিভোর্স? বিয়ের ৮ বছর পর সবটা সামনে আনলেন দেশিগার্ল | Priyanka chopra addresses divorce rumors with nick jonas variety interview

Spread the love

দেখতে দেখতে কেটে গিয়েছে দাম্পত্যের আট-আটটি বছর। তবুও পপ তারকা নিক জোনাস এবং বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার বিরাম নেই। মাঝেমধ্যেই নেটপাড়ায় রটে যায় তাঁদের বিচ্ছেদ বা ডিভোর্সের গুঞ্জন। গত ফেব্রুয়ারি মাসে গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে দুজনে আলাদা আলাদাভাবে পৌঁছাতেই এই জল্পনা নতুন করে ডালপালা মেলে। অতীতেও বহুবার তাঁদের এই বিয়েকে ‘লোকদেখানো’ বা ‘পারফর্মেটিভ’ বলে কটাক্ষ করা হয়েছে। এবার এই সমস্ত নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ‘ভ্যারাইটি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা সাফ জানান, তাঁদের সম্পর্ক নিয়ে চলা অবিরাম চর্চা বোঝার চেষ্টা তিনি এখন ছেড়ে দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমাদের বিয়ের আট বছর হয়ে গেল। এরপরেও যদি মানুষ আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার অপেক্ষায় বসে থাকতে চান, তবে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিয়েছি।”

নিক ও প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান প্রায় ১০ বছরের। পাশাপাশি দুজনের সংস্কৃতি ও পটভূমিও সম্পূর্ণ ভিন্ন। প্রিয়াঙ্কার ধারণা, এই বিষয়গুলোই হয়তো অনেকে সহজে মেনে নিতে পারেননি। তিনি বলেন, “আমি জানি না আমাদের কোন বিষয়টায় মানুষের এত আপত্তি ছিল। সম্ভবত আমাদের ভিন্ন সংস্কৃতি, ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম এবং বয়সের ব্যবধানটাই অনেকের চোখে লেগেছে।”

শুরুর দিকে এই ধরণের অবিরাম ট্রোলিং বা সমালোচনা যে বেশ কষ্টদায়ক ছিল, তা অকপটে স্বীকার করেছেন ‘দেশি গার্ল’। তবে তাঁরা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। প্রিয়াঙ্কা জানান, বাইরের দিকে না তাকিয়ে তাঁরা তখন শুধু একে অপরের চোখের দিকে তাকিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে এসবের কোনও গুরুত্ব নেই। ফলে এখন এই সমস্ত নেতিবাচকতা তাঁদের আর স্পর্শ করে না।

সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য ফাঁস করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, আলাপ হওয়ার মাত্র ছয় মাসের মাথায় নিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। আর এত দ্রুত সবটা হওয়ায় শুরুর দিকে খোদ প্রিয়াঙ্কার মনেই সংশয় জেগেছিল! নিকের অতিরিক্ত ভদ্রতা ও সততাকে প্রথম দিকে প্রিয়াঙ্কার মনে হয়েছিল এক ধরণের ‘অভিনয়’।

অভিনেত্রীর বয়ানে, “আমরা আলাদের মাত্র ছয় মাসের মধ্যে খুব দ্রুত বিয়ে করে নিয়েছিলাম। তাই বিয়ের একদম শুরুতে আমি নিজেই জানতাম না যে নিকের এই স্বভাবটা আদৌ আসল কি না। আমার মনে হতো—সবটাই হয়তো একটা অভিনয় বা মুখোশ।”

তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর প্রতি সেই ভুল ধারণা কেটে গিয়েছে প্রিয়াঙ্কার। স্বামী ও বাবা হিসেবে নিকের প্রশংসা করে তিনি বলেন, “নিকের মধ্যে এক অদ্ভুত সততা রয়েছে, যা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। বিনোদন দুনিয়ার মতো একটি পেশায়, যেখানে প্রতিনিয়ত পরিস্থিতি অনুযায়ী মুখোশ বদলাতে হয়, সেখানেও ও সবসময় সৎ। নিক খুব ছোট বয়স থেকে কাজ করছে। ওর বাবা-মা অত্যন্ত ভালো এবং মাটির মানুষ, তাই ওর স্বভাবের এই নম্রতা কোথা থেকে এসেছে তা আমি বুঝতে পারি।”

অন্য দিকে, সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে অংশ নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে নিজের প্রথম পরিচয়ের স্মৃতি রোমন্থন করেন নিক জোনাস। নিক জানান, হলিউড শো ‘কোয়ান্টিকো’র একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কাকে প্রথম দেখেই তাঁর চোখ আটকে গিয়েছিল। তবে আসল ম্যাজিকটা হয়েছিল তাঁদের প্রথম ডেটে।

নিকের কথায়, “সেদিন রাতে যখন প্রিয়াঙ্কা হেঁটে আসছিল, ওর পরনে ছিল ব্লু জিন্স, হোয়াইট টপ আর ব্ল্যাক লেদার জ্যাকেট। ও ঘরে ঢোকা মাত্রই আমার মনে হয়েছিল—আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চলেছি। প্রথম দেখাতেই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *