Nadia: ক্যান্সারে মৃত্যু স্বামীর, শ্রাদ্ধের কাজ শেষ হতে না হতেই… ভয়ঙ্কর অভিযোগ স্ত্রীর! | Woman from Nadia gets out from in laws house after husband’s death
দুই সন্তানকে নিয়ে পথে মাImage Credit: TV9 Bangla
নদিয়া: স্বামীর মৃত্যুর পর মাত্র ৮ বছরের ও দেড় বছরের দুই শিশু সন্তানকে নিয়ে রাস্তায় অসহায় স্ত্রী। অমানবিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার বীরনগর এলাকা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সদ্য স্বামীহারা মহিলা। শ্রাদ্ধ-শান্তির কাজও মেটেনি। তার আগেই গৃহবধূকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
মূলত শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন স্ত্রী। ছোট ছোট দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় ওই অসহায় মহিলাকে! তবে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মহিলার শ্বশুর বলেন, “আমরা তাড়িয়ে দিইনি। ওরা স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছে।”
সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর স্টেশন এলাকার বাসিন্দা অম্বিকা প্রামাণিকের সঙ্গে বীরনগরের গুন্তীপাড়া এলাকার ভৈরব সরকারের ছেলে প্রদীপ্ত সরকারের বিয়ে হয় ১০ বছর আগে। দাম্পত্য জীবন সুখেই কাটছিল তাঁদের। শিক্ষকতার পাশাপাশি বাজারে একটি হার্ডওয়্যারের দোকানও চালাতেন প্রদীপ্ত। সব মিলিয়ে ভালোই চলছিল সংসার।
কিন্তু হঠাৎই নেমে আসে শোকের ছায়া। ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হন। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন কোনও রকম সাহায্য না করে উল্টে পুত্রবধূকে হুমকি দিতে ও ভয় দেখাতে শুরু করে।
এরপর ক্যান্সারে আক্রান্ত স্বামীর মৃত্যু হয়। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির অত্যাচার আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। বর্তমানে দুই শিশুকন্যাকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। অভিযোগ, এখনও পর্যন্ত কোনও কার্যকর সাহায্য মেলেনি।
নদিয়ার তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব, বিভিন্ন সামাজিক সংগঠন এবং আত্মীয়-স্বজনদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ, সেখান থেকেও কোনও সহযোগিতা মেলেনি।