ED Search Kolkata: কেয়ারওয়েল অ্যাভিয়েশনের সঙ্গে তৃণমূল-যোগ! সকাল থেকে ফোর্স নিয়ে বাড়ি-অফিসে তল্লাশি ED-র | ED Search operation in many places of Kolkata linked to TMC fund
অ্যাভিয়েশন সংস্থার দফতরে তল্লাশিImage Credit: TV9 Bangla
কলকাতা: মঙ্গলবার সকালে শহরের পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক, রাজারহাট, রাধাবাজারে চলছে তল্লাশি। ইডি সূত্রের খবর, তৃণমূলের তহবিল নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, তার প্রেক্ষিতেই এই তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাভিয়েশন সংস্থার ডিরেক্টরের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি।
তৃণমূলের তহবিল নিয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছিল। আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হয় সাইবার ক্রাইম শাখায়। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদনও জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবেই নিজের পরিচয় দেন। সেই অ্য়াকাউন্টের লেনদেনেই এবার নজর ইডি-র।
এদিন সকালে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে এক সংস্থার ডিরেক্টরের বাড়ি পৌঁছে গিয়েছে ইডি। জানা গিয়েছে, এই সংস্থার বিমানই ব্যবহার করতেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্বতন শাসক দলের অন্যান্য সদস্যরা।
পবন জাজু ও রাজেশ জাজু নামে দুই ডিরেক্টর সল্টলেকের ওই বাড়িতে থাকেন বলে জানা গিয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া রাজারহাটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের একটি অফিসেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। এই সংস্থার অন্য একটি অফিসের ঠিকানা রাধাবাজার। সেখানেও চলছে তল্লাশি। তৃণমূলের তহবিলের টাকায় ওই সংস্থার বিমান ভাড়া নেওয়া হত কি না, এই বিষয়গুলিই মূলত খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।