মুক্তির দু’দিনের মধ্যে ‘ব্যান’ দিলজিতের ‘সতলেজ়’, কেন সরালো হল OTT থেকে? কী বলল ZEE5?
‘সতলেজ়’ ঘিরে বিতর্ক তুঙ্গে। ওটিটি-তে ছবিটি মুক্তি পাওয়ার পরেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ নিজেই। ভক্তদের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে বলেছিলেন, ‘আজ শনিবার। মনে হয়, সোমবার পর্যন্ত টিকবে না।’ অভিনেতার ‘ভবিষ্যদ্বাণী’ সত্যি করে রবিবার নিজেদের প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে দিল ZEE5।
দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পরে গত ৩ জুলাই সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় পরিচালক হানি ত্রেহানের ‘সতলেজ়’। সমালোচক মহলে প্রশংসিত হয় দিলজিতের অভিনয়। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে কোনও এক অজানা কারণে ছবিটি নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে ZEE5। বিবৃতিতেও তারা শুধু বলেছে, ‘দর্শকদের যে বিপুল সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতলেজ আর ভারতে দেখা যাবে না।’
তবে ছবিটি দ্রুত দর্শকদের কাছে ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছে ZEE5। ওই বিবৃতিতেই তারা বলেছে, ‘ভালো গল্প সব সময়ে মানুষকে অনুপ্রাণিত করে। যথাযথ আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া মেনে ছবিটিকে আবার দর্শকের কাছে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি আমরা।’ তবে ঠিক কী কারণে ছবিটি সরিয়ে নেওয়া হলো, তার কোনও সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি বিবৃতিতে।
ছবিতে আট ও নয়ের দশকের পাঞ্জাবের গল্প বলেছেন হানি এবং দিলজিৎ। সেই সময়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিচ্ছে। আর একের পর এক মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠছে গোটা রাজ্য। সেই ঘটনার তদন্তে নামেন যশবন্ত সিং খালরা নামে এক ব্যঙ্ক কর্মী। পরে পুরোপুরি শিখ মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে যান তিনি। যশবন্তের অভিযোগ ছিল, প্রায় ২৫ হাজার মানুষকে মেরে গোপনে পুড়িয়ে ফেলেছে পাঞ্জাব পুলিশ। পরে তাঁকেও অপহরণ করে নির্মম ভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। ছবিতে এই যশবন্তের জীবনই ফুটিয়ে তুলেছেন দিলজিৎ।
ছবিটি সরিয়ে দেওয়ার খবর সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক চাপের মুখে এমন সিদ্ধান্ত কি না, সেই প্রশ্নও তুলছেন অনেকে। ইনস্টাগ্রামে ছবির একটি ক্লিপিংস পোস্ট করে দিলজিৎ লিখেছেন, ‘অন্যায়ের সামনে মাথা নত করিনি।’ ছবিটি আদৌ দর্শকরা আর দেখতে পাবেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।