নেপথ্যে ব্ল্যাকমেল? বধূর অস্বাভাবিক মৃত্যুতে নিশানায় তৃণমূল নেতা
এই সময়, দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বামুনগাছিতে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবৈধ সম্পর্কের জেরে ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত দাস ওরফে পুটুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেন মৃতার পরিবারের সদস্যরা। তাঁরা অভিযুক্তের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভও দেখান। পরে পুলিশ সুশান্ত দাসকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে সুশান্ত দাসের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রাখা হয়েছিল। পরে সেই ছবিকে সামনে রেখে গৃহবধূকে ব্ল্যাকমেল ও হুমকি দেওয়া হত। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে অভিযুক্ত চাপ ও ভয় দেখাতে শুরু করেন বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, অভিযুক্তের স্ত্রী বারাসত-১ ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ায় এলাকায় তাঁদের প্রভাব ছিল। মানসিক চাপে পড়েই দু’দিন আগে ওই গৃহবধূ অ্যাসিড পান করেন বলে পরিবারের অভিযোগ। তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তাঁর মৃত্যু হয়।
মৃতার স্বামীর দাবি, কাজের কারণে তিনি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে তাঁর সংসার ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।