ঘনঘন চুরিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, পুলিশের ভূমিকায় প্রশ্ন
এই সময়, দুর্গাপুর: শহীদ ক্ষুদিরাম সরণির ধারে সোলার এনার্জি পার্ক ও আশপাশের এলাকা ক্রমশ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। গত এক মাসে একাধিক চুরির ঘটনা ঘটেছে এখানে, কিন্তু এখনও পর্যন্ত একটি চুরিরও কিনারা করতে পারেনি পুলিশ।
রবিবার বিকেলে ফের এখানে চুরির ঘটনা ঘটে। রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার অস্থায়ী গোডাউনে হানা দিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে পালায় দুষ্কৃতীরা। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে গেছে। কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে শহর। তা সত্ত্বেও দুষ্কৃতীর খোঁজ পাচ্ছে না কেন পুলিশ?’
ঠিকাদার সংস্থার অস্থায়ী গোডাউনের নিরাপত্তাকর্মী এ দিন বিকেলে চা খাওয়ার জন্য পাশের একটি দোকানে গিয়েছিলেন। সেই সময়ে কয়েক জন দুষ্কৃতী অস্থায়ী গোডাউনের দরমা কেটে ভিতরে ঢুকে বেশ কয়েকটি মেশিন নিয়ে পালিয়ে যায়। ঠিকাদার সংস্থার কর্ণধার সুমন মুখোপাধ্যায় বলেন, ‘সিটি সেন্টার অঞ্চলে কয়েকটি রাস্তা তৈরির বরাত পেয়েছি আমরা। তার জন্য ক্ষুদিরাম সরণির ধারে অস্থায়ী গোডাউন তৈরি করা হয়েছে। এখান থেকে বেশ কয়েক বার চুরি হয়েছে। এর আগে মোবাইল, রড, টাকা–সহ অন্য সামগ্রী চুরি হয়েছে। এদিন ভাইব্রেটর মেশিন, জলের পাম্প–সহ আরও কিছু যন্ত্রাংশ নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। যদি এ ভাবে চুরি হয়, তা হলে কাজ করব কী করে!’
কয়েক দিন আগে এখানকার একটি মদের দোকানের শাটারের তালা ভেঙে নগদ পাঁচ লাখ টাকা–সহ বেশ কয়েকটি দামী মদের বোতল চুরি করেছিল দুষ্কৃতীরা। সম্প্রতি রাস্তার ধারে গ্রিলের লোহার অ্যাঙ্গলও চুরি হয়েছে। মদের দোকানের কর্ণধার প্রণব রায় বলেন, ‘ব্যবসা করব না চোর পাহারা দেবো? নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আছে। বেসরকারি সংস্থা থেকে নিরাপত্তাকর্মী নিয়োগ করেছি। এত বার চুরি হয়েছে, কিন্তু একবারও কোনও নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তো চুরিগুলির কিনারা করা যায়। সে সব না–করে পুলিশ শুধু বলে চলেছে, তদন্ত হচ্ছে!’