Aamir Khan wedding: 'নিখুঁত বিয়ে না হওয়া পর্যন্ত ও থামবে না', আমিরকে নিয়ে একী বলে ফেললেন সলমন? | Salman Khan's Epic Throwback Quip Resurfaces as Aamir Khan Marries Gauri Spratt - 24 Ghanta Bangla News
Home

Aamir Khan wedding: ‘নিখুঁত বিয়ে না হওয়া পর্যন্ত ও থামবে না’, আমিরকে নিয়ে একী বলে ফেললেন সলমন? | Salman Khan’s Epic Throwback Quip Resurfaces as Aamir Khan Marries Gauri Spratt

Spread the love

আমির খান (Aamir Khan) ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের চার হাত এক হতেই এই মুহূর্তে মায়ানগরীতে এখন উৎসবের মেজাজ। রবিবার, ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রার বাসভবনে একেবারে ঘরোয়াভাবে সই-সাবুদ করে বিয়ে সারলেন মিস্টার পারফেক্টশনিস্ট। আর জুটির এই শুভ পরিণয়ের রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে সলমন খানের (Salman Khan) একটি পুরনো ও মজাদার মন্তব্য। আমিরের নিখুঁত হওয়ার স্বভাবকে টেনে ভাইজান একবার এমন এক মস্করা করেছিলেন, যা বর্তমান আবহে ১০০ শতাংশ মিলে যাচ্ছে বলে মত বহু নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছিল টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে। যেখানে সঞ্চালক কপিল শর্মা সলমনকে মনে করিয়ে দেন যে, বয়সে ছোট হওয়া সত্ত্বেও আমির একের পর এক সম্পর্কে জড়াচ্ছেন, কিন্তু ভাইজান এখনও একা। কপিল রসিকতা করে বলেছিলেন, “আমির তো সবাইকে নিজের বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। আপনি তো ওঁর চেয়ে ৬ মাসের ছোট, তাও উনি থামছেন না আর আপনি শুরুই করছেন না!”

এই গুগলির মুখে পড়ে বিন্দুমাত্র দমে যাননি বলিউডের ‘সুলতান’। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ছক্কা হাঁকান তিনি। সলমন হেসেই জবাব দেন, “দেখুন, আমিরের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। ও অত্যন্ত অসাধারণ একজন মানুষ। আর গোটা দুনিয়া জানে যে ও একজন পারফেক্টশনিস্ট। যতদিন পর্যন্ত না ও বিয়েটাকে একদম নিখুঁত করে তুলতে পারছে, ও থিতু হবে না। ও এটা করতেই থাকবে!”

২০২৬-এর ৫ জুলাইয়ের রবিবাসরীয় সন্ধ্যায় ৬০ বছর বয়সে এসে জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন আমির। একেবারেই ব্যক্তিগত এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান, জুনেইদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। এছাড়াও ছিলেন জামাই নূপুর শিখারে এবং আমিরের মা। বলিউড থেকে আমন্ত্রিতদের তালিকায় দেখা গিয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকর, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিবিদ রাজ ঠাকরেকে।

গত বছর মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁরা একে অপরকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চেনেন, তবে প্রেমের সুত্রপাত হয়েছে ইদানীং। আর সেই প্রেমই এবার ছাদনাতলা পর্যন্ত পৌঁছল। সলমনের সেই পুরোনো রসিকতার রেশ ধরেই এখন অনুগামীরা বলছেন, এবার হয়তো ‘পারফেক্ট’ সংসার খুঁজে পেলেন আমির!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *